


নয়াদিল্লি: রোহিঙ্গা ইস্যুতে কঠোর শীর্ষ আদালত। তাদের ভারতে বসবাসের জন্য আইনি পদক্ষেপ নিয়ে তীব্র আপত্তি জানাল সুপ্রিম কোর্ট।দেশের নাগরিকরা এখনও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন। সেখানে অনুপ্রবেশকারীদের (রোহিঙ্গা) জন্য আমাদের কি রেড কার্পেট বিছিয়ে দিতে হবে? ভারতে থাকা রোহিঙ্গাদের নিয়ে এক মামলায় এমনই প্রশ্ন তুলল প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ।
জেলবন্দি থাকাকালীন রোহিঙ্গারা আচমকাই উধাও হয়ে যাচ্ছেন। গত মে মাসে কিছু রোহিঙ্গাকে আটক করেছিল দিল্লি পুলিশ। কিন্তু তারপর থেকে তাঁদের কোনও খোঁজ নেই। এমনই অভিযোগ তুলে মামলা করেন সমাজকর্মী রীতা মনচন্দা। মঙ্গলবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতির প্রশ্ন, রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে ঘোষণা করার কোনও নির্দেশ দিয়েছে ভারত সরকার? যদি তাঁরা অনুপ্রবেশকারী হন, তাহলে আমাদের রেড কার্পেট বিছিয়ে স্বাগত জানানো উচিত হবে? যদিও মামলাকারীর আইনজীবী বলেন, রোহিঙ্গাদের তাঁরা শরণার্থীর মর্যাদা চাইছেন না। শুধুমাত্র আইন অনুযায়ী তাঁদের নির্বাসনের ব্যবস্থা করা হোক। তখন প্রধান বিচারপতি বলেন, প্রথমে আপনি সুড়ঙ্গ খুঁড়ে কিংবা কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করলেন। তারপর আপনি দাবি করলেন, আমি যেহেতু এখানে এসেছি ভারতীয় আইন আমার উপর প্রযোজ্য হোক। এভাবে আমরা কি আইনি পরিধি বাড়িয়েই যাব? তবে অনুপ্রবেশকারীদের নির্যাতন করা উচিত নয় বলেও মন্তব্য শীর্ষ আদালতের।