


সুকমা: ১৬ মাওবাদীর আত্মসমর্পণ। আর তাতেই ছত্তিশগড়ের সুকমা জেলার কেরলাপেন্দাকে সম্পূর্ণ মাওবাদী-মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করল প্রশাসন। এর ফলে ওই এলাকার উন্নয়নে প্রায় ১ কোটি টাকার সরকারি প্রকল্প এবার চালু করা যাবে বলে জানিয়েছেন এক আধিকারিক। সোমবার সুকমার পুলিস সুপার কিরণ চ্যবন জানিয়েছেন, এক মহিলা সহ আত্মসমর্পণকারী ওই ১৬ জন মাওবাদীর একত্রে মাথার দাম ছিল প্রায় ২৫ লক্ষ টাকা। এদের মধ্যে ৯ জন কেরলাপেন্দা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। মাওবাদীদের ‘ফাঁপা’ এবং ‘অমানবিক’ মতাদর্শে বীতশ্রদ্ধ হয়েই ১৬ জন আত্মসমর্পণ করেছেন বলেই জানিয়েছেন পুলিস সুপার।