


রায়পুর: ২০২৬ সালের মার্চের মধ্যেই মাওবাদীমুক্ত হবে ভারত। আগেই ‘গ্যারান্টি’ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্যপূরণে ছত্তিশগড়ের জঙ্গলে জারি ‘অপারেশন’। ইতিমধ্যে একের পর এক মাওবাদী নেতার মৃত্যুর খবর সামনে এসেছে। অনেকে প্রাণ বাঁচাতে আত্মসমর্পণ করেছে। শুক্রবারও ছত্তিশগড়ের সুকমায় অস্ত্র ত্যাগ করে নিরাপত্তাবাহিনীর কাছে আত্মসমর্পণ করল ৩৩ জন মাওবাদী। এদের মধ্যে ১৭ জনের মাথার দাম ছিল মোট ৪৯ লক্ষ টাকা।
এদিন সকালে সিআরপিএফ ও পুলিসের শীর্ষ আধিকারিকের সামনে ন’জন মহিলা সহ ২২ জন আত্মসমর্পণ করে। পরে দুই মহিলা সহ আরও ১১ জন সেই তালিকায় যোগ দেয়। আত্মসমর্পণকারীদের মধ্যে ২২ জন মূলত ছত্তিশগড়ের মাড় ও ওড়িশার নুয়াপাদা এলাকায় সক্রিয় ছিল। এদের মধ্যে অন্যতম পিপলস লিবারেশন গেরিলা আর্মি (পিএলজিএ)-র মাড় ডিভিশনের ১ নম্বর কোম্পানির ডেপুটি কমান্ডার মুচাকি জোগা এবং তাঁর স্ত্রী মুচাকি জোগি। তাদের দু’জনেরই মাথার দাম ছিল আট লক্ষ টাকা করে। তালিকায় রয়েছে কিকিড় দেবে ও মনোজ ওরফে দুধি বুধড়া। তাদের মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা। বাকি ১১ মাওবাদী ছত্তিশগড়ের বড়েসাত্তি এলাকায় সক্রিয় ছিল বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। এই প্রসঙ্গে সুকমার পুলিস সুপার কিরণ চবন বলেন, ‘সরকারি নিয়ম-নীতি মেনেই আত্মসমর্পণকারীদের ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’