


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাত্রীদের বাড়তি চাপের কথা মাথায় রেখে শিয়ালদহ দক্ষিণ শাখায় অতিরিক্ত বিশেষ ট্রেন পরিষেবা চালু হচ্ছে। আগামী ৫ জুন, বৃহস্পতিবার থেকে সংশ্লিষ্ট শাখায় আরও পাঁচটি ট্রেন পরীক্ষামূলকভাবে চালাবে রেল। এগুলি শিয়ালদহ থেকে যাত্রা শুরু বা শেষ করবে না। এগুলি মূলত চলবে দক্ষিণ শহরতলির মধ্যে। প্রথম ট্রেনটি সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সোনারপুর থেকে ছেড়ে রাত ৮টা ৪২ মিনিটে নামখানা পৌঁছবে। অপরটি চলবে নামখানা-বালিগঞ্জের মধ্যে। সেটি ভোর ৫টা ১২ মিনিটে নামখানা থেকে ছাড়বে। তৃতীয় স্পেশাল ইএমইউ চলবে বালিগঞ্জ-ক্যানিংয়ের মধ্যে। সকাল ৮টা ৪ মিনিটে বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করবে সেটি। আরেকটি ট্রেন ক্যানিং থেকে সকাল ৯টা ৪০ মিনিটে ছাড়বে। শেষ ট্রেনটি বালিগঞ্জ থেকে ১১টা ২৫ মিনিটে ছেড়ে সোনারপুরে আসবে।