


দেরাদুন: উত্তরকাশীতে হড়পা বানের পর পেরিয়েছে চারদিন। বিধ্বস্ত এলাকায় চলছে উদ্ধারকাজ। নজরদারি চালানো হচ্ছে ড্রোন দিয়ে। আটকে থাকা মানুষজনকে খুঁজে বার করতে স্নিফার কুকুরের সাহায্য নেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত মোট ৬৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
গত মঙ্গলবার হড়পা বানে কার্যত নিশ্চিহ্ন হয়ে যায় ধারালি গ্রাম। বিধ্বস্ত হয় সংলগ্ন একাধিক এলাকা। এর পরেই উদ্ধারকাজে নামে সেনা ও বিপর্যয় মোকাবিলা দপ্তর। এখনও উদ্ধারকাজ চলছে। দুর্যোগের জেরে উত্তরকাশীর বিস্তীর্ণ এলাকায় টেলি-যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্যাহত হয় ইন্টারনেট পরিষেবাও। তবে শুক্রবার তা অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, দুর্যোগের পর থেকে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ ছিল না। জেনারেটর পাঠিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করা হয়েছে।
এদিকে, হড়পা বানে ধারালি, হরসিলের একাধিক রাস্তা ভেসে গিয়েছিল। ভেঙে যায় একটি গুরুত্বপূর্ণ ব্রিজও। তাতে উদ্ধারকাজে বেশ সমস্যা হচ্ছিল। সেনা সূত্রে খবর, ব্রিজ ও রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। শীঘ্রই তা সম্পূর্ণ হবে।
পাশাপাশি, উদ্ধারকাজে গতি আনতে একটি ব্রিজ তৈরি করা হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।