


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়দের ফুটবলে ডামাডোল। তাই ছোটদের ফুটবলই এখন ভরসা। রবিবার নৈহাটিতে আরএফডিএল ডার্বি নিয়ে উন্মাদনা রয়েছে। এই প্রতিযোগিতায় মোহন বাগান দুরন্ত ছন্দে। চার ম্যাচের চারটিতেই জিতে কলকাতা রিজিওনাল কোয়ালিফায়ার টেবিলের শীর্ষে অবস্থান করেছে সবুজ-মেরুন ব্রিগেড (১২ পয়েন্ট)। ইস্ট বেঙ্গল চার ম্যাচের তিনটিতে জিতে দ্বিতীয় স্থানে। দুই প্রধানেরই পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত। তবু ডার্বি মানে মর্যাদার লড়াই। তাই সেয়ানে সেয়ানে টক্কার হবে।
আরএফডিএলে মোহন বাগান পুরানো টিম ধরে রেখেছে। তাদের আক্রমণভাগের প্রধান অস্ত্র সুহেল ভাট। এছাড়া টংসিনও ফর্মে আছেন। সবচেয়ে বড় কথা মোহন বাগানের রক্ষণভাগ খুবই শক্তিশালী। চার ম্যাচে তারা কোনও গোল খায়নি। কোচ ডেগি কার্ডোজো বলছিলেন, ‘ডার্বি সম্মানের লড়াই। জিততেই হবে। পুরো ১৫ পয়েন্ট নিয়েই এই পর্ব শেষ করতে চাই।’ পক্ষান্তরে, ইস্ট বেঙ্গল কেবলমাত্র ইউনাইটেড স্পোর্টসের কাছে হেরেছে। বাকি ম্যাচগুলিতে রীতিমতো দাপট দেখিয়েছেন অনন্থু, দেবজিৎ, গুইতেরা। কোচ অর্চিষ্মান বিশ্বাস বলছিলেন, ‘মোহন বাগান অবশ্যই ভালো দল। তবে ডার্বিতে ছেড়ে কথা বলব না।’ উল্লেখ্য, কোয়ালিফায়ার থেকে তিনটি দল পরের রাউন্ডে যাবে। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে রয়েছে ইউনাইটেড স্পোর্টস (৪ ম্যাচে ৭ পয়েন্ট) ও ডায়মন্ডহারবার (৪ ম্যাচে ৬ পয়েন্ট)। কল্যাণীতে রবিবার নামছে দুই দল। ম্যাচটি ড্র করলেই পরের রাউন্ডে জায়গা পাকা হবে ইউনাইটেডের।
এদিকে, রবিবার ব্যারেটোর দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ইস্ট বেঙ্গল সিনিয়র টিমের। কিন্তু ম্যাচটি হচ্ছে না। দল পুরোদমে অনুশীলন করলেও প্রস্তুতি ম্যাচের অভাব ভাবাচ্ছে কোচ অস্কার ব্রুজোঁকে। শনিবার সকালেও যুবভারতী ক্রীড়াঙ্গনের প্রস্তুতি গ্রাউন্ডে অনুশীলন সারল লাল-হলুদ ব্রিগেড। সেখানে সিচুয়েশন প্র্যাকটিসের সময় চোট পান সিবলে। কোনওরকম ঝুঁকি না নিয়ে মাঠ ছাড়তেও দেখা যায় তাঁকে। তবে ক্লাব সূত্রে খবর, আর্জেন্তাইন ডিফেন্ডারের চোট গুরুতর নয়। তাছাড়া আনোয়ার আলিও এখনও সাইড লাইনে রিহ্যাব করছেন। বাকি টিমকে বেশ ফিট দেখাল। অন্যদিকে, এআইএফএফ অনূর্ধ্ব-১৬ যুব লিগে মহমেডান স্পোর্টিংকে ৯-০ ব্যবধানে হারাল ইস্ট বেঙ্গল।
নৈহাটিতে ম্যাচ শুরু ২-৩০ মিনিটে।