


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: উত্তর বারাকপুর পুরসভার মণিরামপুরের বিস্তীর্ণ এলাকা ক্যামেরার নজরদারিতে চলে এল। বারাকপুর ক্যান্টনমেন্ট এলাকা শেষ হতেই সিপি বাংলো থেকে মহাদেবানন্দ কলেজ পর্যন্ত সিসি ক্যামেরায় মুড়ে দেওয়া হল। গঙ্গার গুরুত্বপূর্ণ চার পয়সার ঘাট থেকে শুরু করে কয়েকটি গঙ্গার ঘাটও ক্যামেরার আওতায় চলে এল। উত্তর বারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ড কমিটি মণিরামপুরের গুরুত্বপূর্ণ রাস্তা এসএন ব্যানার্জি রোড, গঙ্গার ঘাট, দেবদার পার্ক, সুরেন্দ্রনাথ শিশু উদ্যানের সামনে ৩২টি সিসি ক্যামেরা লাগানো হল। এর ফলে মণিরামপুর এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ওই ওয়ার্ডের কাউন্সিলার আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, নিজেদের খরচেই এই সিসি ক্যামেরা লাগানো হল। এর ফলে জনবহুল মণিরামপুরের বিস্তীর্ণ অঞ্চল ২৪ ঘণ্টার নজরদারিতে চলে আসবে। ক্যামেরার উদ্বোধন করে পরিষদীয় তথা কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, এই ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়। রাজ্যের আর কোনও ওয়ার্ডে কাউন্সিলার বা ওয়ার্ড কমিটি এই উদ্যোগ নিয়েছে কি না সন্দেহ আছে। প্রশংসনীয় উদ্যোগ। ফলে গোটা এলাকায় নজরদারি বেড়ে যাবে। এলাকার নিরাপত্তার ক্ষেত্রে নজরদারিতে খুবই সুবিধা হবে। ওয়ার্ড কমিটির এই উদ্যোগে প্রশংসা করেছেন বারাকপুরের মহাকুমাশাসক সৌরভ বারিকও। তিনি বলেন, আইনশৃঙ্খলার ক্ষেত্রে খুবই উপকার হবে। গঙ্গার ঘাটগুলি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। তাঁদের উপরে নজরদারি চালাতে বা আইন-শৃঙ্খলার অবনতির কিছু ঘটলে সঙ্গে সঙ্গে ক্যামেরা দেখে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।