


নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের উপর চাপ বাড়াচ্ছে ভারত। নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। পাশাপাশি কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে প্রতিবেশী দেশকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে নয়াদিল্লি। এই লক্ষ্যে প্রতিবেশী দেশকে আর্থিক দিক থেকে শায়েস্তা করতে শুরু হয়েছে তৎপরতা। আইএমএফ, বিশ্ব ব্যাঙ্কের পর এবার এশিয়ান ডেভেলাপমেন্ট ব্যাঙ্ক (এডিবি)-র কাছে পাকিস্তানকে আর্থিক সাহায্য বন্ধ করার আর্জি জানাল ভারত। সূত্রের খবর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এডিবি প্রধান মাসাতো কান্ডার সঙ্গে বৈঠক করেছেন। সেখানেই পাকিস্তানকে আর্থিক সহায়তা বন্ধের আর্জি জানিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি ইতালির অর্থমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন। ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গেও কথাবার্তা শুরু হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, এডিবির ৫৮তম বার্ষিক বৈঠকের জন্য নির্মলা বর্তমানে ইতালির মিলানে রয়েছেন।
২০২৪ সালের তথ্য অনুযায়ী এডিবি ৫৬টি প্রকল্পে প্রকল্পে পাকিস্তানকে ৯.১৩ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। এরমধ্যে ৫৩টি ঋণ। ৩টি অনুদান। এই সহায়তা আটকে গেলে পাকিস্তান যে মহাবিপদে পড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের গ্রে লিস্টে ফের পাকিস্তানের অন্তর্ভূক্তির চেষ্টা ভারত শুরু করেছে বলে সূত্রের খবর।