


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিষ্ণুপুরের বাগানবাড়িতে শনিবার রাতভর ছিল পার্টি। রবিবার সকালে উঠেও ফের বসে আসর। প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী থেকে ইউটিউবার— সবাই উপস্থিত সেই আসরে। চোখ খুলতে পারছেন না কেউ কেউ। সেই অবস্থাতেই পরিচালক, প্রযোজক আর অভিনেত্রী বেরিয়ে পড়েন গাড়ি নিয়ে। মত্ত অবস্থায় স্টিয়ারিংয়ে কোনও নিয়ন্ত্রণ ছিল না পরিচালকের। ট্রাফিক বিধি উড়িয়ে ঠাকুরপুকুর বাজারে সরাসরি একের পর এক পথচারীকে ধাক্কা মারেন অভিযুক্ত পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো। রবিবারই পথচারীকে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে ঠাকুরপুকুর থানা। ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের ফেটাল স্কোয়াড।
প্রাথমিক তদন্তে ফেটাল স্কোয়াডের তদন্তকারীরা জেনেছেন, বাংলা টেলি জগতের নামজাদা পরিচালক ভিক্টো। সম্প্রতি একটি ধারাবাহিকের সাফল্যের জেরে একটি বিশেষ পার্টি দেন পরিচালক। সেখানে উপস্থিত ছিলেন একটি বহুল প্রচারিত বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেত্রী ঋতুপর্ণা সেন, অভিনেতা আরিয়ান ভৌমিক। সন্ধ্যা থেকেই পার্টি চলে ওই জায়গায়। তদন্তকারীদের দাবি, দুর্ঘটনাস্থলের প্রায় ২০০ মিটার দূর থেকে রাস্তা বন্ধের নির্দেশিকা রয়েছে। লাগানো রয়েছে সাইনবোর্ডও। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন ফেটাল স্কোয়াডের তদন্তকারীরা। সূত্রের দাবি, ওই ‘ডাইভারশন’ সংলগ্ন সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, গার্ডরেল ধার ঘেঁষে দ্রুত গতিতে বেরিয়ে যায় ধূসর রঙের গাড়িটি। ওই রাস্তায় অনেক দূর থেকেই বাজার এলাকা দেখা যায়। তা সত্ত্বেও গাড়ির গতি কমেনি। বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন আমিনুর রহমান (৬০)। ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে, পথচারীকে বাঁচানোর চেষ্টাই করেননি চালক। সরাসরি তাঁকে ধাক্কা মারার পর ব্রেক কষতে শুরু করেন তিনি। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। গাড়ির তলায় চলে যান বৃদ্ধ। রবিবারের সকালে ভিড় বাজারে পরপর আরও আটজনকে ধাক্কা মারে গাড়িটি। তাঁদের মধ্যে একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন ফেটাল স্কোয়াডের তদন্তকারীরা। একইসঙ্গে ঘাতক গাড়ি থেকেও বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে পুলিস। গাড়িটির ফরেন্সিক পরীক্ষা করা হবে বলে লালবাজার সূত্রের খবর।
সোমবার দুপুরে আলিপুর আদালতে পেশ করা হয় পরিচালক ভিক্টোকে। এজলাসে সরকারি আইনজীবীর সওয়াল, মত্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়িটি চালাচ্ছিলেন চালক। মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট আদালতে পেশ করা হয়। বিচারক অভিযুক্তকে ১০ এপ্রিল পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।