


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে মঙ্গলবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জেলে গেলেন আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। এই হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় তিনি অন্যতম এক অভিযুক্ত। সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটেও তাঁর নাম রয়েছে। এদিন বিচারক সুজিতকুমার ঝা তাঁর জামিনের আরজি নাকচ করে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দেন। কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট তাঁর আগাম জামিনের বাতিল করে দেয়। তারপর গত শুক্রবার আলিপুর কোর্টে এই মামলার শুনানিতে গরহাজির ছিলেন আখতার। তাঁর কৌঁসুলির বক্তব্য ছিল, ‘আমার মক্কেল অসুস্থ। তিনি হাসপাতালে ভর্তি আছেন।’ সিবিআইয়ের অভিযোগ, ‘অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে অসুস্থতার অজুহাত দিয়ে হাজিরা এড়াচ্ছেন।’ আদালতও এনিয়ে নানা প্রশ্ন তোলে। এরপরই ক্ষুব্ধ বিচারক অভিযুক্ত আখতার আলির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই, শনিবার তিনি তড়িঘড়ি আলিপুর কোর্টে হাজির হন। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ায় তাঁর আত্মসমর্পণ সম্ভব হয়নি। তিনি ফিরে যান। সোমবারও তিনি কোর্টে আসেননি। সিবিআই তাঁকে খুঁজে পায়নি। মঙ্গলবার তিনি কোর্টে হাজির হলে বিচারক জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। প্রসঙ্গত, আখতার আলির অভিযোগের ভিত্তিতেই এই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।