


নিউ ইয়র্ক: ‘ভারতে অ্যাপলের সামগ্রী তৈরি হতেই পারে। তাতে কোনও অসুবিধা নেই। তবে আমেরিকার মাটিতে শুল্ক ছাড়া সেই সামগ্রী বিক্রি করা যাবে না।’— নিজের অবস্থানে অনড় থেকে এভাবেই অ্যাপলকে চাপে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টিম কুকের অ্যাপলের সঙ্গে সংঘাত চলছে মার্কিন প্রশাসনের। এর আগে অ্যাপলের জিনিস ভারতে তৈরি না করার পরামর্শ দিয়েছিলেন তিনি। সদ্য ট্রাম্প হুঁশিয়ারি দেন, আমেরিকায় যে আইফোন বিক্রি করা হবে, তা দেশেই তৈরি করতে হবে। ভারত বা অন্য কোনও দেশে অ্যাপল সামগ্রী তৈরি করলে অন্তত ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। এদিন ট্রুথ সোশ্যালেও একই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই উল্লেখযোগ্য হারে পড়ে যায় অ্যাপলের শেয়ার। তবে এই বিধি কেবল অ্যাপলের জন্য নয়। আমেরিকার বাইরে যে সমস্ত সংস্থা ফোন উৎপাদন করবে, তাদের উপরেই শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই তালিকাতেই রয়েছে আরও এক বড় সংস্থা— স্যামসংও। হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেছেন, ‘এই শুল্কের বিষয়টি কেবল অ্যাপলের জন্য নয়। স্যামসং সহ যে সংস্থাই দেশের বাইরে পণ্য উৎপাদন করবে, তাদের উপরই শুল্ক চাপবে।’