


বুয়েনস আইরেস: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। ট্রফি ধরে রাখার লক্ষ্যে নামবে লায়োনেল মেসির আর্জেন্তিনা। কিন্তু মেগা আসরের আগে বিতর্কে জেরাবার আর্জেন্তিনার ফুটবল সংস্থা। এএফএ’এর বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। শুরু হয়েছে তদন্ত।
দুর্নীতির বিষটি প্রথম প্রকাশ্যে আনেন কার্লোস তেভেজ। আর্জেন্তিনার প্রাক্তন ফুটবলবলার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করেন। যেখানে বুয়েনস আইরেস শহর সংলগ্ন পিলার অঞ্চলের একটি বাড়িতে এএফএ’এর এক কর্তার সন্দেহজনক গতিবিধি দেখা যায়। তেভেজের অভিযোগ ছিল, সেই কর্তা বাড়ির ভিতরে একটি বিশাল ব্যাগ পুঁতে রেখেছিলেন। যার মধ্যে ছিল প্রচুর অর্থ। এছাড়া লুকিয়ে রাখা হয়েছিল একটি মূল্যবান গাড়িও। প্রাক্তন তারকার অভিযোগের ভিত্তিতে বিষয়টির তদন্তের দাবি তোলে আর্জেন্তিনার অন্যতম রাজনৈতিক দল কোয়ালিশন সিভিক। তদন্তে নেমে পিলা অঞ্চলের সেই বাড়িতে অভিযান চালিয়ে একটি হেলিপোর্ট, আস্তাবল এবং মোট ৫৪টি গাড়ির সন্ধান পায় পুলিশ। সন্দেহ করা হচ্ছে, এই সব অবৈধ সম্পত্তি এএফএ সভাপতি ক্লডিও তাপিয়া ও পাবলো তোবিগিনোর অর্থ পাচার কারবারের অংশ। এছাড়া গত সপ্তাহে এএফএ’এর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ারও অভিযোগ সামনে এসেছে। অঙ্কটা নাকি ১৩ মিলিয়ন ডলার!