


প্রয়াগরাজ: ট্রেনে ব্লেড নিয়ে হামলা চালিয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এমনই অভিযোগ আশুতোষ ব্রহ্মচারীর। স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। আশ্রমের শিশুদের উপর যৌন হেনস্তার অভিযোগ তুলে জোশীমঠের শঙ্করাচার্যের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছিলেন আশুতোষ। রবিবার সকালে ট্রেনে হামলার পর পুলিশে অভিযোগ জানিয়েছেন তিনি। যদিও এই ঘটনাকে সাজানো বলে কটাক্ষ করেছেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। রেল প্রশাসনের কাছে তাঁর আর্জি, এই ঘটনার যথাযথ তদন্ত হোক। তাহলে প্রকৃত বিষয়টি প্রকাস্যে আসবে।
জিআরপি জানিয়েছে, রেওয়া এক্সপ্রেস করে প্রয়াগরাজ যাচ্ছিলেন আশুতোষ। সকালে ট্রেন সিরাথু স্টেশনের কাছে আসতেই বাথরুমে যাওয়ার জন্য উঠেছিলেন তিনি। সেই সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। সামান্য জখম অবস্থায় তাঁকে প্রয়াগরাজের কেলভিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে।