


চণ্ডীগড়: আমেরিকার মাটিতে খালিস্তানি জঙ্গি গুররপতবন্ত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্রের ঘটনায় দোষ স্বীকার করল ভারতের নাগরিক নিখিল গুপ্ত। আমেরিকার একটি আদালতে নিখিল জানিয়েছে, পান্নুনকে খুনের পুরো পরিকল্পনার জন্য তাকে নিয়োগ করা হয়েছিল। পুরো ষড়যন্ত্রে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার বিরুদ্ধে যে তিনটি অভিযোগ আনা হয়েছে, তাতে নিখিলের ৪০ বছরের কারাদণ্ড হতে পারে। আগামী ২৯ মে এই মামলার রায় ঘোষণা করবে মার্কিন আদালত। আমেরিকার বিচার বিভাগ দাবি করেছে, ২০২৩ সালের মে মাসে নিখিলকে নিয়োগ করেছিল বিকাশ যাদব বলে এক ব্যক্তি। এই বিকাশ ভারতের ক্যাবিনেট সেক্রেটারিয়েটে কাজ করেন বলেও দাবি আমেরিকার। ঘটনাচক্রে ক্যাবিনেট সেক্রেটারিয়েটেই ভারতের গুপ্তচর সংস্থার কার্যালয়। বিকাশের নির্দেশেই পান্নুনকে হত্যার জন্য এক ‘হিটম্যান’কে ভাড়া করার ছক কষে নিখিল। কিন্তু সে ‘ভাড়াটে খুনি’ হিসাবে যাঁর সঙ্গে যোগাযোগ করে, তিনি আদতে ছিলেন ‘সিক্রেট এজেন্ট’। ওই ব্যক্তি ও বিকাশের মাঝে যোগসূত্র হয়ে কাজ করে নিখিল। কিন্তু ওই সিক্রেট এজেন্ট পুরো ষড়যন্ত্রই ফাঁস করে দেন।