


নয়াদিল্লি: বালোচ বিদ্রোহীদের দাপট। একের পর এক হামলায় কোণঠাসা পাকিস্তানি সেনা। পাক প্রদেশ বালুচিস্তানে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি। বালুচিস্তানে পাক বাহিনীর নিয়ন্ত্রণ উপড়ে ফেলতে লড়াই চালাচ্ছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএফ)। এবার এই লড়াইয়ে ভারতের কাছে সহায়তা চাইল তারা। বালোচ লিবারেশন ফ্রন্ট(বিএলএফ)-র প্রধান ডঃ আল্লা নিজার তাঁর অত্যন্ত আবেগপ্রবণ আর্জিতে বলেছেন, অন্তত যে রাইফেলগুলো পাকিস্তানি সেনার কাছ থেকে বাজেয়াপ্ত করেছিলেন, সেগুলো আমাদের দিন। তারপর দেখুন, কী হয়? নিজের বিবৃতিতে ১৯৭১ সালের যুদ্ধে ভারতের কছে পাকিস্তানের ৯৩ হাজার সেনার আত্মসমর্পণের প্রসঙ্গ উল্লেখ করেছেন নিজার। লিখেছেন, ‘ পাকিস্তানের আত্মসমর্পণের সময় বাজেয়াপ্ত ৯৩ হাজার রাইফেল আমাদেরকে দিক ভারত। ওই সমস্ত রাইফেল আর প্রত্যেকটির জন্য ১০টি করে বুলেট দিলেই হবে। তারপর দেখুন, আমরা কীভাবে পাকিস্তানকে নাস্তানাবুদ করে ছাড়ি।’
বালোচ বিদ্রোহীদের দাবি, তাদের ভূখণ্ড দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছে পাকিস্তান। সেইসঙ্গে এখানকার বাসিন্দাদের উপর নিপীড়ন চালাচ্ছে পাকিস্তানি বাহিনী। তাদের এই দাবির প্রতি আন্তর্জাতিক মনোযোগ টানতেই ভারতের কাছে বালোচ বিদ্রোহীরা প্রতীকী সামরিক সাহায্য চাইল বলে মনে করা হচ্ছে। এব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নিজার। জানিয়েছেন, কোনও আন্তর্জাতিক হস্তক্ষেপ বা অত্যাধুনিক অস্ত্র তাঁদের প্রয়োজন নেই। শুধু পাকিস্তানের আত্মসমর্পণের সময় তাদের সেনাদের কাছ থেকে বাজেয়াপ্ত অস্ত্রগুলি ভারত আমাদের হাতে তুলে দিক। বাকিটা তাঁরাই বুঝে নেবেন।
বালোচ আন্দোলন নিয়ে পাকিস্তান যেভাবে অপ্রচার চালাচ্ছে, তার কড়া নিন্দা করেছেন নিজার। তিনি বলেছেন, সারা বিশ্বও দুর্বৃত্ত রাষ্ট্র পাকিস্তানের এই মিথ্যা প্রচার ধরে ফেলেছে। এব্যাপারে তিনি বালুচিস্তানে মানবাধিকার সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিকস্তরে সচেতনতা বৃদ্ধির বিষয়টিও উল্লেখ করেছেন।
এরইমধ্যে পাক বাহিনীর বিরুদ্ধে হামলা জারি রয়েছে বালোচ বিদ্রোহীদের। এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রবিবার নোনদারা কুচে দখলদার বাহিনীর আউটপোস্টে হামলা চালানো হয়েছে। এছাড়াও আওয়ারান এলাকার মালার, মাচ্চি আউটপোস্টেও আক্রমণ চালানো হয়। এই হানায় পাক সেনা নিহত হয়েছে। এছাড়াও রবিবার রাতে তুরবাতে পাক নৌসেনার শিবিরে আক্রমণ চালানো হয়। সেখানে পাক বাহিনীর এক অফিসারের মৃত্যু হয়।