


সংবাদদাতা, বনগাঁ: ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন। এই উপলক্ষ্যে সেদেশের সরকার আগামী বুধ ও বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে। ওই দুদিন বাংলাদেশে সমস্ত সরকারি অফিস আদালত বন্ধ থাকবে। পরদিন শুক্রবার হল সাপ্তাহিক ছুটির দিন। ফলে আগামী তিনদিন পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। যদিও এদেশে বাণিজ্য বন্ধের কোনো সরকারি নির্দেশিকা জারি হয়নি।
পেট্রাপোল শুল্কদপ্তর সূত্রে জানা গিয়েছে, সেদেশে নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ সরকার আগামী ১১ ও ১২ তারিখ ছুটি ঘোষণা করেছে। পরদিন শুক্রবার। ফলে পড়শি দেশে সরকারি কাজ তিনদিন বন্ধ থাকলে বাণিজ্যে তার প্রভাব পড়তে পারে। তবে এদেশে সমস্ত সরকারি অফিস খোলা থাকবে। কাজকর্ম চলবে স্বাভাবিকভাবেই।
পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ওইসময় বাংলাদেশ সরকার পণ্য না-নিলে বাণিজ্য স্বাভাবিকভাবেই বন্ধ থাকবে। বাংলাদেশে ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ওপার বাংলার ব্যবসায়ীরা। কিন্তু এদেশে কাজ চালু রাখব আমরা।