


লন্ডন: প্রিমিয়ার লিগের ক্লাব নিউকাসলকে হারিয়ে চলতি মরশুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করেছিল বার্সেলোনা। মার্কাস র্যাশফোর্ডের জোড়া গোলের সুবাদে অ্যাওয়ে ম্যাচে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে হান্স ফ্লিকের ছেলেরা। তারপর গ্রুপ পর্বে একাধিক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে কাতালন ক্লাবটিকে। পিএসজি ও চেলসির কাছে হারের ফলে একটা সময় সরাসরি শেষ ষোলোর টিকিট অর্জনের পথও কঠিন হয়ে দাঁড়িয়েছিল তাদের সামনে। তবে শেষ দু’টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে শেষ করে বার্সা। মঙ্গলবার রাউন্ড অব সিক্সটিনেও তাদের প্রতিপক্ষ নিউকাসল। ছ’মাসের মধ্যে দ্বিতীয়বারের জন্য সেন্ট জেমস পার্কে নামছে বার্সা। নক-আউটের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে জিতে শেষ আটের পথে এক পা বাড়িয়ে রাখাই লক্ষ্য পেড্রি-লিওয়ানডস্কিদের।
মালিকানা বদল হতেই গত কয়েক মরশুমে ইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স মেলে ধরেছে নিউকাসল। বিশেষত লিগের শেষ ম্যাচে ছন্দে থাকা ম্যান ইউকে বশ মানিয়েছে তারা। তাই ঘরের মাঠে বার্সাকে টেক্কা দিতে মরিয়া এডি হোয়ের ছেলেরা। পক্ষান্তরে, কোপা ডেল রে’র ব্যর্থতা ঝেড়ে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে ছন্দ ধরে রাখাই লক্ষ্য রাফিনহাদের। চোট সারিয়ে গত ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে ফিরেছিলেন পেড্রি। মঙ্গলবার তাঁকে শুরু থেকে রেখেই দল সাজাতে পারেন বার্সা কোচ। পাশাপাশি প্রথম একাদশে ফিরবেন লিওয়ানডস্কি ও রাফিনহা।
রাউন্ড অব সিক্সটিনের অপর ম্যাচে আটালান্টার মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। চলতি মরশুমে দুরন্ত ছন্দে হ্যারি কেনরা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে আট ম্যাচের মধ্যে সাতটিতে জয় পান তাঁরা। এমনকী, সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ আট ম্যাচে অপরাজিত জার্মান চ্যাম্পিয়নরা। তবে মঙ্গলবার আটালান্টার বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে বেশ সাবধানী কোচ ভিনসেন্ট কোম্পানি। বিশেষত প্লে-অফের লড়াইয়ে যেভাবে বরুসিয়াকে উড়িয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি, তাতে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন বায়ার্ন কোচ।
এদিকে, অ্যাওয়ে ম্যাচে গালাতাসারের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে সমস্যায় লিভারপুল। প্রথম লেগে দলের গোলরক্ষক অ্যালিসন বেকারকে পাবেন না কোচ আর্নে স্লট। এছাড়া চোট রয়েছে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের। তাই প্রথম লেগে দুর্গ অক্ষত রাখাই প্রধান লক্ষ্য দ্য রেডস ব্রিগেডের।
আজ চ্যাম্পিয়ন্স লিগে
গালাতাসারে : লিভারপুল
(রাত ১১-১৫ মিনিটে)
নিউকাসল : বার্সেলোনা
(রাত ১-৩০ মিনিটে)
আতলেতিকো মাদ্রিদ : টটেনহ্যাম
(রাত ১-৩০ মিনিটে)
আটালান্টা : বায়ার্ন মিউনিখ
(রাত ১-৩০ মিনিটে)
সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টসে