


বিশেষ সংবাদদাতা, রায়পুর: ‘অপারেশন সংকল্পে’ সাফল্য। ছত্তিশগড় ও তেলেঙ্গানা সীমানায় মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযানে নেমেছে যৌথবাহিনী। এরইমধ্যে ছত্তিশগড়ের বিজাপুর জেলার জঙ্গল অধ্যুষিত কারেগুট্টা পাহাড়ের কাছে অন্তত ১৫ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। অন্যদিকে, মাওবাদীদের আইডি বিস্ফোরণে জখম হয়েছেন চারজন নিরাপত্তারক্ষী। বস্তার বেঞ্জের পুলিসের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, সোমবার থেকে কারেগুট্টা পাহাড়ের আশপাশের ঘন জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলছে। বুধবার সকালে সেখান থেকে চারজন মহিলা মাওবাদী সহ ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত হয়েছে একটি পয়েন্ট ৩০৩ রাইফেলও। গত ২৪ এপ্রিল ওই এলাকায় তিনজন মহিলা মাওবাদীকে নিকেশ করেছিল বাহিনী। উদ্ধার হয়েছিল বিপুল অস্ত্র ও বিস্ফোরক। আইজি আরও জানান, এই অভিযানে ছত্তিশগড় পুলিসের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, বস্তার ফাইটার্স, স্পেশাল টাস্ক ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্স (সিআরপিএফ) এবং কোবরা ইউনিট সহ মোট ২০ হাজার জওয়ান অংশ নিয়েছেন। বিজাপুরের অতিরিক্ত পুলিস সুপার চন্দ্রকান্ত গোভার্না বলেন, গত ২৮ এপ্রিল বিজাপুরে ২৪ জন মাওবাদী পুলিসের কাছে আত্মসমর্পণ করেছিল। এদের মধ্যে ১৪ জনের মাথার দাম ছিল সাড়ে ২৮ লক্ষ টাকা। গত ২১ এপ্রিল থেকে শুরু হয়েছে অপারেশন সংকল্প। এই অপারেশনে ছত্তিশগড় ও তেলেঙ্গানা সীমানায় এখনও পর্যন্ত ২৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে।