


ওয়াশিংটন: মার্কিন মুলুকে খুন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্য। জানা যাচ্ছে, ইন্ডিয়ানা প্রদেশে গ্যাংওয়ারে খুন হয়েছে বীরেন্দ্র সামভি নামে ওই যুবক। আদতে হরিয়ানার বাসিন্দা বীরেন্দ্র। গুলি বিনিময়ে লরেন্সের আরও এক অনুগামী আহত হয়েছে বলে খবর সূত্রের। বিষ্ণোই গ্যাংয়ের উপর এই হামলার দায় স্বীকার করেছে প্রতিদ্বন্দ্বী রোহিত গোধারা গ্যাং। সমাজমাধ্যমে তারা লিখেছেন, ‘ইন্ডিয়ানায় বীরেন্দ্র সামভি খুনের সঙ্গে যুক্ত বালজোৎ ও জাস্সা নামে গ্যাংয়ের দুই সদস্য। লরেন্স বিষ্ণোই একজন বিশ্বাসঘাতক। অপেক্ষা করো, তোমার জন্য আরও সারপ্রাইজ রয়েছে।’ রোহিতের গ্যাংয়ের সদস্যদের উপর হামলার পিছনেও বীরেন্দ্রের যোগ ছিল বলে দাবি করা হয়েছে। যদিও এই খুনের বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি মার্কিন প্রশাসন। আদতে রোহিত গোধারা একসময় লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সহযোগী ছিল।