


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অর্থবিলের আলোচনায় অংশ নিয়ে সোমবার সরকারের সমালোচনা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সরকারের অর্থনীতিকে ‘মরীচিকা’ বলে কটাক্ষ করলেন। বললেন, সরকার যা করছে বলে প্রচার করে, তা আদতে করে না। নির্বাচনী বন্ড সুপ্রিম কোর্ট বাতিল করে দিলেও নতুন অর্থবিলের মাধ্যমে ঘুরপথে কি ফের তা ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে মোদি সরকার?
তৃণমূল সাংসদের মন্তব্য, আগেই আমরা দেখেছি ক্ষতিতে চলা কোম্পানির থেকে ৪৩৪ কোটি টাকা নির্বাচনী বন্ডের মাধ্যমে আদায় করেছে বিজেপি। ৪১টি কোম্পানি যাদের বিরুদ্ধে তদন্ত চলছে, তাদের থেকে আড়াই হাজার কোটি টাকা পেয়েছে গেরুয়া শিবির। তদন্তের মুখে অন্য ৩০টি কোম্পানির থেকে বিজেপি আদায় করেছে ৩৩৫ কোটি টাকা। ইডি, সিবিআইকে আক্রমণ করে মহুয়ার অভিযোগ, ৯৭ শতাংশ কেসই বিরোধীদের বিরুদ্ধে। এটা কেন? নতুন অর্থবিলের মাধ্যমে আয়করদাতাদের উপর সরকার নজরদারি করবে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, আগে পেগাসাসের মাধ্যমে নজরদারি করছিল। এখন ইমেলের উপর নজরদারি করবে সরকার।
মহুয়ার অভিযোগ, ধনী ব্যবসায়ীদের জন্য নিয়ম মানা হয় না। ছাড় দেওয়া হয় করের ক্ষেত্রে। এমনকী জিএসটি থেকেও ছাড় দেওয়া হয়। কিন্তু গরিবদের জন্য কোনও ছাড় নেই। মহুয়া বলেন, মানরেগায় কাজের চাহিদা বাড়লেও বাজেটে বরাদ্দ বাড়ায়নি সরকার। বাংলার সাত হাজার কোটি টাকাও দেওয়া হয়নি।