


পাটনা, ১৪ এপ্রিল: জল্পনাই সত্যি হল। বিহারের মুখ্যমন্ত্রী কুর্সিতে বসছেন উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। অবসান হল ২০ বছরের নীতীশ জমানার। আজ, মঙ্গলবার দুপুরে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার। এদিন রাজ্যপাল রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইনের সঙ্গে দেখা করেন তিনি। জমা দেন ইস্তফাপত্র। পাশাপাশি বিহারের মন্ত্রিসভা ভেঙে দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। গত ১০ এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসেব শপথগ্রহণ করেছিলেন তিনি।
এরপর আজ বিজেপির পক্ষ থেকে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সম্রাট চৌধুরীর নাম ঘোষণা করা হয়। সূত্রের খবর আগামীকাল অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী পদে তাঁর শপথগ্রহণ করার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে সম্রাটের পাশাপাশি নীতীশ পুত্র নিশান্ত কুমারের নামও শোনা যাচ্ছিল। কিন্তু শেষমেশ সম্রাটকেই বিহারের কুর্সির জন্য বেছে নিল গেরুয়া শিবির। অন্যদিকে, এদিন ইস্তফা দেওয়ার পর এক্স হ্যান্ডেলে নীতীশ লেখেন, ২০০৫ সালের ২৪ নভেম্বর বিহারে প্রথমবার এনডিএ সরকার গঠন করা হয়। তখন থেকে রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হয়। উন্নয়নের প্রতি আমরা সবসমই প্রতিশ্রুতিবদ্ধ থেকেছি।