


মুম্বই: উপযুক্ত প্রমাণের অভাবে রেহাই দিয়েছিল বিশেষ আদালত। ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি এমপি সাধ্বী প্রজ্ঞা ও লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত সহ বেকসুর খালাস পাওয়া সাতজনকে বৃহস্পতিবার নোটিশ পাঠিয়েছে বম্বে হাইকোর্ট। বিস্ফোরণে নিহতদের পরিবারের সদস্যদের আবেদনের ভিত্তিতে বম্বে হাইকোর্ট এই নোটিশ পাঠিয়েছে। প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি গৌতম আঁখড়ের বেঞ্চ জানিয়েছে, ছ’সপ্তাহ পর আবেদনটির ভিত্তিতে শুনানি হবে। ছয় নিহতের পরিবারের আবেদনে বলা হয়েছে, তদন্তের ফাঁকফোকর বা ভুলভ্রান্তির কারণে অভিযুক্তদের মুক্তি দেওয়াটা যুক্তিসঙ্গত নয়।