


ম্যাসাচুসেটস: আসন্ন বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল কিংবা সেমি-ফাইনালে এই দুই দলের দেখা হতেই পারে। তখন সেই ম্যাচের গুরুত্বই থাকবে আলাদা। তবে মার্কিন মুলুকে বল গড়ানোর আগেই একে অপরকে দেখে নেওয়ার সুযোগ পাচ্ছে ব্রাজিল ও ফ্রান্স। বৃহস্পতিবার নিউ ইংল্যান্ডের ম্যাসাচুসেটস শহরের জিলেস্ট স্টেডিয়ামে এমবাপেদের মুখোমুখি হবে কার্লো আনসেলোত্তি ব্রিগেড। বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আগে আসন্ন দু’টি ফিফা ফ্রেন্ডলিতে ফুটবলারদের শেষবারের মত পরখ করে নিতে চান ব্রাজিল কোচ। সঠিক কম্বিনেশন গড়ে তোলাই প্রধান লক্ষ্য আনসেলোত্তির। ফ্রান্স ম্যাচের চারদিন বাদে মেক্সিকোর মুখোমুখি হবে সেলেকাওরা। আর দলের সঙ্গে না থেকেও ছায়ার মতো জুড়ে থাকবে নেইমারের নাম। কারণ, এই দু’টি ম্যাচের জন্য প্রাথমিক দলে রাখার পরেও ব্রাজিল ফুটবলের পোস্টার বয়কে ছেঁটে ফেলেন কোচ আনসেলোত্তি।
বিশ্বকাপের আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁরও লক্ষ্য থাকবে শেষবারের মতো ফুটবলারদের ঝালিয়ে নেওয়া। তার জন্য ব্রাজিলের চেয়ে ভালো প্রতিপক্ষ আর হতে পারে না! উল্লেখ্য, প্রাক্তন এই মিডিওর প্রশিক্ষণে ২০১৮ সালে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ফরাসি ব্রিগেড। তার আগে ১৯৯৮ সালে এই ব্রাজিলকে হারিয়েই ফুটবলার হিসেবে দেশকে শিরোপা এনে দিয়েছিলেন তিনি। চার বছর আগে দল ফের ফাইনালে পৌঁছোলেও খেতাবি লড়াইয়ে ট্রাই-ব্রেকারে স্বপ্নভঙ্গ হয় এমবাপেদের। তাছাড়া ২০২৬ বিশ্বকাপের পরই ফ্রান্সকে বিদায় জানাবেন কোচ দেশঁ। তাই দায়িত্ব ছাড়াই আগে মার্কিন মুলুকে দেশকে তৃতীয়বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন করতে বদ্ধপরিকর তিনি। আর তার প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে নারাজ ফ্রান্স কোচ। চোট সারিয়ে ইতিমধ্যেই জাতীয় দলে যোগ দিয়েছেন এমবাপে। ফলে বৃহস্পতিবার তাঁকে সামনে রেখেই ব্রাজিল বধের দল সাজাতে পারেন কোচ দেশঁ।
বৃহস্পতিবার ম্যাচ শুরু রাত ১-৩০ মিনিটে। সম্প্রচার ফ্যান কোড অ্যাপে।