


প্রেস্টিজ-এর কাস্ট লাইট কুকওয়্যার
রান্নাঘরের বাসনপত্র তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য নাম প্রেস্টিজ। সম্প্রতি এই সংস্থা এক উন্নতমানের কুকওয়্যার নিয়ে এসেছে বাজারে। এই বাসনটি হালকা এবং উন্নতমানের কাস্ট আয়রন দিয়ে তৈরি। নাম ‘কাস্ট লাইট কুকওয়্যার’। ভালো রান্না করতে হলে বাসনের মানও খাঁটি হওয়া জরুরি। গ্রাহকদের স্বাস্থ্যের দিকেও তো খেয়াল রাখতে হবে। সেই ক্ষেত্রে কুক স্ট্রং ইউটেনসিল খুবই কার্যকর হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। রান্নার এই বাসনটি তৈরি করার সময়, এর ওজনের বিষয়টি মাথায় রাখা হয়েছে। কম ওজনের বাসন তোলা নামানো সহজ। যে কেউ ব্যবহার করতে পারেন। সবথেকে বড় কথা, এই বাসনা ব্যবহার করতে যাতে গিন্নিদের সমস্যায় পড়তে না হয় সেদিকটাও দেখা দরকার। একইসঙ্গে বাসনের মান ঠিক রাখা জরুরি। সব একসঙ্গে পাবেন নতুন এই পাত্রে। একাধিক বাসনের রেঞ্জ রয়েছে এখানে। পাবেন কড়াই, ফ্রাই প্যান এবং তাওয়া। দাম মোটামুটি ২,৭০০ টাকা থেকে শুরু।
সমীর কুণ্ডুর
একক প্রদর্শনী
• আশার আলো। শিল্পকর্ম তো আমজনতার কাছে সেই আলোই পৌঁছে দেয়। তাই ইজেলে এই আশার কথাই শুনিয়েছেন শিল্পী সমীর কুণ্ডু। গত ৩০ জানুয়ারি থেকে অ্যাকাডেমি অব ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে শুরু হয়েছে তাঁর ১১তম একক প্রদর্শনী ‘রেজ অব হোপ’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী প্রমিতা মল্লিক, শিল্পী সমীর আইচ, চিত্রকলা সংক্রান্ত ইতিহাসবিদ প্রশান্ত দাঁ প্রমুখ। শুধু রং-তুলির জগতেই নয়, সিনেমার পর্দাতেও শিল্প পরিচালকের দায়িত্ব সামলান শিল্পী। শৈশব থেকেই ছবি আঁকার সঙ্গে সম্পর্ক তাঁর। বাবা-মাও ছিলেন শিল্প জগতের মানুষ। তাই বাড়িতে স্থাপত্য, ভাস্কর্য ও শিল্পকলার চর্চা দেখেই বড় হয়েছেন। নিজেও বেছে নিয়েছেন রং-তুলি ও নানা আর্ট ফর্ম। এই প্রদর্শনী চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সময় বেলা ১২টা থেকে রাত ৮টা।