


বিশেষ সংবাদদাতা, আগরতলা, কোহিমা: তিন রাজ্যের চারটি বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হল। এরমধ্যে ত্রিপুরার ধর্মনগর আসনে বিকেল ৩টা পর্যন্ত ভোটদানের হার ছিল ৭০.০৯ শতাংশ। বিভিন্ন বুথে ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এই আসনে ছয়জন প্রার্থীর ভাগ্য ইভিএম-বন্দি হয়েছে। বিজেপি বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়ানে এই আসনটি খালি হয়। অন্যদিকে, নাগাল্যান্ডের কোরিডাং বিধানসভা উপনির্বাচনের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এদিন শুরু হয় ভোটগ্রহণ। গত বছরের ১১ নভেম্বর বিজেপি বিধায়ক ইমকং এল. ইমচেনের মৃত্যুর কারণে আসনটি শূন্য হয়ে পড়ে। এই আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিন দক্ষিণের রাজ্য কর্ণাটকের দুটি বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ করা হয়। বাগালকোট ও দেবানাগেরি দক্ষিণ আসনে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ছিল যথাক্রমে ৬৫.৬৮ ও ৬৩.০৪ শতাংশ। এই দুটি আসন ধরে রাখাই অন্যতম চ্যালেঞ্জ রাজের শাসক দল কংগ্রেসের। অন্যদিকে, শাসক শিবিরকে ধাক্কা দিতে ঝাঁপিয়েছে বিরোধী বিজেপি।