


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুদ্ধের আবহে অসামরিক প্রতিরক্ষায় স্বেচ্ছাসেবক নিয়োগে ঝাঁপাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রকের অধীন যুব বিষয়ক দপ্তর। ন্যাশনাল সার্ভিস স্কিম বা এনএসএসে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার হিসেবে যোগদানের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছে তারা। সোমবারই তাদের ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং নিজস্ব ওয়েবসাইটে জোর প্রচার শুরু হয়েছে। https://mybharat.gov.in ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন যুবক-যুবতীরা। ইতিমধ্যেই স্বেচ্ছাসেবক হিসেবে নথিভুক্তদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি স্বেচ্ছাসেবক রয়েছেন মালদহে (৩৫ জন)। এর পরেই রয়েছে কলকাতা (২৫ জন) এবং পশ্চিম মেদিনীপুর (২৪ জন)। অগ্নিকাণ্ড, মেডিক্যাল ইমার্জেন্সি, প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি যুদ্ধকালীন পরিস্থিতিতেও সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে বা জখমদের হাসপাতালে নিয়ে যেতে বিশেষ ভূমিকা থাকে এই স্বেচ্ছাসেবকদের। এর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয় সরকারের তরফে। তবে, এই স্বেচ্ছাসেবকদের দীর্ঘদিনের অভিযোগ, এই কাজে বিরাট ঝুঁকি এবং পরিশ্রম থাকলেও সেই মতো অর্থ দেয় না সরকার। বিশেষ করে, আরও বেশি সরকারি চাকরিতে এই স্বেচ্ছাসেবকদের জন্য কোটা রাখার সুপারিশ তাঁদের। প্রসঙ্গত, রাজ্যের স্কুল পাঠ্যক্রমে গুরুত্ব সহকারে স্থান পেয়েছে অসামরিক প্রতিরক্ষার বিষয়টি। তবে তা আরও বেশি ছাত্রছাত্রীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মাধ্যমিক স্তরেও বিষয়টি অবশ্যপাঠ্য করার দাবি রয়েছে এর সঙ্গে যুক্ত শিক্ষক এবং বিশেষজ্ঞদের।