


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২৪ সালে রিজার্ভ ব্যাঙ্ক বলতো মূল্যবৃদ্ধি আছে। তাই রেপো রেট কমানো যাচ্ছে না। আর মোদি সরকার লাগাতার বলে এসেছে, রেপো রেট কমানো উচিত, কারণ, মূল্যবৃদ্ধি কমছে। যা নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের সঙ্গে টানাপোড়েন হয়েছে বহুবার। অবশেষে নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রা দায়িত্বভার নেওয়ার পরই রেপো রেট কমাতে শুরু করেন এবং জানান যে, মূল্যবৃদ্ধি কমছে। চলতি মাসের নীতি নির্ধারণ কমিটিতেও গভর্নর জানিয়েছেন, মূল্যবৃদ্ধির হার এখন নামমাত্র। যদিও এবার আর রেপো রেট কমানো হয়নি। কিন্তু সবজি ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হারে যে রাশ টানা গিয়েছে, সেটা তিনি উল্লেখ করেছেন। কিন্তু সেই ঘোষণার মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই এবার কেন্দ্রীয় সরকার শঙ্কা প্রকাশ করল যে,কিছু নিত্যব্যবহার্য সবজির উপর নজরদারি প্রয়োজন। কারণ এগুলির দামবৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। শুক্রবার এক বিবৃতিতে কেন্দ্র জানিয়েছে, আলু, পেঁয়াজ, টম্যাটোর উপর সরকার নজর রাখছে। বেশ কিছু রাজ্যে টম্যাটোর দাম হঠাৎ করে বেড়ে গিয়েছে। যদিও তার কারণ হিসেবে কেন্দ্র বলেছে, অতি বৃষ্টি। যে সব রাজ্য বা মেট্রো শহর অতি বৃষ্টির কবলে পড়েনি, সেখানে দাম বাড়েনি। নিয়ন্ত্রণের মধ্যেই আছে। কেন্দ্র আশ্বাস দিয়েছে, জোগানে কোনও সমস্যা নেই। উৎপাদনও যথেষ্ট বেশি। এই বছর কৃষকদের থেকে সরকার ৩ লক্ষ টন পেয়াজ সংগ্রহ করে রেখেছে। তাই উদ্বেগের কিছু নেই। অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রক বলেছে, রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত। এর ফলে মূল্যবৃদ্ধি নিয়ে আগাম সতর্ক থাকা যাবে।