


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হলমার্কযুক্ত সোনার ক্ষেত্রে ৯ ক্যারেটকে স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তি জারি করে তার ঘোষণা করা হয়েছে। এর ফলে গ্রাহকদের ৯ ক্যারেট বিশুদ্ধতার সোনার গয়না বা অন্য কিছু বিক্রি করতে হলে হলমার্কিং বাধ্যতামূলক হল। ৯ ক্যারেট সোনার জন্য নির্ধারিত সংখ্যা রাখা হয়েছে ‘৩৭৫’। অর্থাৎ গয়নার গায়ে ওই সংখ্যাটি লিখতে হবে স্বণর্কারদের। ২২ ক্যারেট বিশুদ্ধতার গয়নার ক্ষেত্রে সেই সংখ্যা ৯১৬। এর ফলে এখন থেকে স্বীকৃতি পেল ২৩, ২২, ২০, ১৮, ১৪ এবং ৯ ক্যারেট গয়না। এই প্রসঙ্গে সেনকো গোল্ড লিমিটেডের এমডি ও সিইও শুভঙ্কর সেন বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, ৯ ক্যারেট সোনার হলমার্কিংকে স্বীকৃতি দেওয়া হোক। তার কারণ, এই বিশুদ্ধতার সোনার দাম কম। যেভাবে সোনার দাম বেড়েছে, তা বহু ক্রেতার আয়ত্তের বাইরে। ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস-এর এই পদক্ষেপের ফলে ক্রেতারা অনেক কম খরচে নিশ্চিন্তে গয়না কিনতে পারবেন। যেহেতু হীরের গয়নায় এই ক্যারেটের সোনা ব্যবহার করা যায়, তাই হীরের গয়নাও আরও বেশি আয়ত্তের মধ্যে আসবে।’ শুভঙ্করবাবুর কথায়, ‘এখন আধুনিক ও মনমতো ডিজাইনের গয়না কম ক্যারেটের সোনায় খুব ভালোভাবে তৈরি করা যায়। তাই ফ্যাশন ও নিত্য ব্যবহারের জন্য গয়না তৈরিতে সুবিধা পাবেন ক্রেতারা।’