


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্রমিক ও কর্মচারীদের স্বার্থে দেশে তৈরি হতে চলেছে ন্যাশনাল অকুপেশনাল সেফটি অ্যান্ড হেল্থ অ্যাডভাইসরি বোর্ড। ওই পর্ষদে অংশ নেবে প্রতিটি রাজ্য, শ্রমিক সংগঠন এবং কর্মদাতা সংস্থাগুলির সংগঠন। কর্মীদের সুরক্ষার বিষয়ে কী কী পদক্ষেপ করা যায়, সেই বিষয়ে পরামর্শ দেবে বোর্ড। মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের ডেপুটি চিফ লেবার কমিশনার ক্ষিতীশ জৈন। কোন কোন সুরক্ষা বিধি মেনে চাল উচিত, সেই বিষয়ে মান বা স্ট্যান্ডার্ড তৈরি করবে ওই বোর্ড,
নির্মাণ, বিড়ি ও সিগারেট, খনি, উৎপাদন শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রের কর্মীরা এতে উপকৃত হবেন। কমিশনার জানিয়েছেন, মজুরির পাশাপাশি কর্মী সুরক্ষা সংক্রান্ত এত বেশি আইন ছিল, যেগুলি শিল্পক্ষেত্রে জটিলতা তৈরি করত। সেই সমস্যা কাটানো জরুরি ছিল। ভারতের শিল্পক্ষেত্র যেহেতু বিশ্ববাজারে বড়ো ভূমিকা পালন করে, তাই তার আইনি জট কাটানো জরুরি। তা নয়া শ্রম আইনে সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।