


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিচারব্যবস্থার পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ টাকার কতটা দিয়েছে রাজ্য? বুধবার রাজ্যের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছে আদালত। সেই সঙ্গে বকেয়া বরাদ্দ নিয়ে অবস্থান জানাতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে সময় বেঁধে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। নির্দেশে বেঞ্চ জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর পুজোর ছুটির মধ্যে রাজ্যের অর্থসচিব, বিচারবিভাগীয় সচিব এবং হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বৈঠক করতে হবে। সে দিন বৈঠক অসম্পূর্ণ হলে আগামী ২২ অক্টোবর দ্বিতীয় বৈঠক করতে হবে। ওই বৈঠকের পর বিচার ব্যবস্থার উন্নয়নে কত বকেয়া এবং টাকা দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্যকে জানাতে হবে। আগামী ২৭ অক্টোবর রিপোর্ট দিতে হবে মুখ্যসচিবকে।