


চণ্ডীগড়: আইডিএফসি ফার্স্ট ব্যাংকের চণ্ডীগড় শাখায় ৫৯০ কোটি টাকার জালিয়াতি। হরিয়ানা সরকারের কয়েকটি দপ্তরের অ্যাকাউন্টে এই জালিয়াতির ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ওই ব্যাংকের চার কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। চলছে তদন্ত। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোমবার ধস নেমেছে সংশ্লিষ্ট ব্যাংকের শেয়ারে। এই দুর্নীতির খবর সামনে আসতেই সরব হয়েছে প্রদেশ কংগ্রেস। এক্স হ্যান্ডলে তাদের পোস্ট, স্রেফ একটি শাকাতেই এত বড় দুর্নীতি। তাহলে ভাবুন, সমগ্র রাজ্যে বিজেপি কত বড় দুর্নীতি করেছে। ঠিকমতো তদন্ত হলে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সামনে চলে আসবে।
ব্যাংকের তরফে জানানো হয়েছে, অ্যাকাউন্ট বন্ধ করে অন্য ব্যাংকে টাকা স্থানান্তরের আবেদন করে হরিয়ানার একটি সরকারি দপ্তর। সেই আবেদন পর্যালোচনার সময় অ্যাকাউন্ট ব্যালান্সে অসংগতি ধরা পড়ে। পরে একই ধরনের সমস্যা আরও কয়েকটি সরকারি অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে। তারপরই নড়েচড়ে বসেছে হরিয়ানা সরকার। রেগুলেটরি ফাইলিংয়ে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ওই শাখার চিহ্নিত অ্যাকাউন্টগুলিতে প্রায় ৫৯০ কোটি টাকার অসংগতি রয়েছে। পাশাপাশি হরিয়ানা সরকার নির্দেশ দিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই ব্যাংকে কোনো সরকারি কাজ করা যাবে না। সোমবার আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন, বিষয়টির উপর কড়া নজর রাখছে আরবিআই। তবে এই ঘটনায় পদ্ধতিগত কোনো সমস্যা নেই।