


নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে আজ, বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল সিউড়ি শহর। জেলা শাসকের দপ্তরের অদূরে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের একে অপরের দিকে তেড়ে যাওয়া, বচসা এবং পাল্টা স্লোগানকে ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। তবে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সেখানে মোতায়েন থাকা বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিষয়টি নিয়ন্ত্রণে আনেন।
জানা গিয়েছে, এদিন সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর এবং ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল এবং বিজেপি দুই দলেরই প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল। বিজেপি প্রার্থীরা সপারিষদ মিছিল করে জেলা শাসকের দপ্তরের দিকে আসছিলেন। অন্যদিকে, জেলা শাসকের দপ্তরের প্রবেশের মুখেই রয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়। সেখানে আগে থেকেই ভিড় জমিয়েছিলেন ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকেরা। বিজেপির মিছিলটি তৃণমূল কার্যালয়ের কাছে পৌঁছতেই দু-পক্ষই সম্মুখসমরে চলে আসে। শুরু হয় বচসা। তৃণমূল কর্মীরা 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করলে পাল্টা 'জয় শ্রীরাম' ধ্বনি তোলেন বিজেপি কর্মীরা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু-পক্ষের কর্মীরাই একে অপরের দিকে মারমুখী মেজাজে তেড়ে যান। জেলা শাসকের দপ্তর সংলগ্ন এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। যদিও আগে থেকেই সেখানে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। অশান্তি আঁচ করে পুলিশ তড়িঘড়ি দুই দলের কর্মীদের মাঝে ব্যারিকেড তৈরি করে দেয়। তাঁদের দুদিকে সরিয়েও দেয়। পুলিশের তৎপরতায় বড়সড় কোনও সংঘর্ষ না ঘটলেও এলাকায় উত্তেজনা রয়েছে। শেষ পর্যন্ত কড়া পুলিশি পাহারায় প্রার্থীরা মনোনয়ন জমা দেন।