


বেঙ্গালুরু: বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ভারত। রবিবার বেঙ্গালুরুর মেট্রো প্রজেক্টের ফেজ-৩-এর উদ্বোধনে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, সংস্কার, কার্য সম্পাদন ও পরিকল্পনাকে
বাস্তবে রূপায়ণের মাধ্যমেই ওই লক্ষ্য ছোঁয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, বিগত ১১ বছরে দেশের অর্থনীতি বিশ্বের মধ্যে দশম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। দ্রুত প্রথম তিনের মধ্যে জায়গা করে নেবে ভারত।
প্রসঙ্গত, ভারতীয় অর্থনীতি নিয়ে কয়েকদিন আগেই কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই মোদির এই বার্তা তাৎপর্যপূর্ণ। মোদি বলেছেন, ২০১৪ সালের আগে আমরা ৪৬৮ বিলিয়ন ডলার রপ্তানি করতাম। এখন সেটা বেড়ে হয়েছে ৮২৪ বিলিয়ন ডলার। আগে মোবাইল আমদানি করতে হতো। এখন আমরা বিশ্বের প্রথম পাঁচ রপ্তানিকারকের মধ্যে একটি। এদিন তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ও মেট্রো রেল হলুদ লাইনেরও উদ্বোধন করেন মোদি। এই হলুদ লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে অবশ্য খরচ নিয়ে বিতর্ক হয়। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের দাবি কেন্দ্র নামমাত্র খরচ দিয়েছে। প্রায় ৯০ শতাংশ অর্থ ব্যয় করেছে রাজ্য সরকার।