


ভোপাল: লাগাতার ভারী বৃষ্টিতে প্লাবিত গোটা এলাকা। ফুলে ফেঁপে উঠেছে ভাজি নদী। কিন্তু নদী পার করে ওপারে হাসপাতালে যাওয়ার কোনও সেতু নেই। অগত্যা প্রাণের ঝুঁকি নিয়ে রবিবার গোরুর গাড়িতে চেপে নদী পেরলেন প্রসব যন্ত্রণায় কাতর সুনীতা উইকে। মধ্যপ্রদেশের বেতুল জেলার বদ রায়াত গ্রামের ঘটনা। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। স্বাধীনতার পর কেটে গিয়েছে ৭০ বছরের বেশি সময়। স্থানীয়রা বলছেন, বারবার এই সমস্যার কথা জানানো হলেও সরকার আমল দেয়নি। সঞ্জয় আর্য নামে এক স্থানীয় বাসিন্দা জানান, এমনিতেই নদী পার করে ওপারে গিয়ে সব কাজ করতে হয়। কিন্তু বর্ষায় সময় দুর্ভোগ চরমে ওঠে। সমস্যায় পড়েন অসুস্থ ও স্কুল-কলেজ পড়ুয়ারা। এনিয়ে জাতীয় সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। বেতুলের জেলাশাসক নরেন্দ্র সূর্যবংশী জানান, দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। একইরকম ঘটনার সাক্ষী থাকল রাজ্যের ভিন্ড জেলাও। বৃষ্টিতে রাস্তার বেহাল দশা। তাই খাটিয়া করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হল এক অন্তঃসত্ত্বা দলিত মহিলাকে।