


বিশেষ সংবাদদাতা, ইম্ফল: দুষ্কৃতী তাণ্ডবে ফের উত্তপ্ত মণিপুর। বুধবার সকাল ৯টা নাগাদ কামজং জেলার সাহামফুং মহকুমার গাম্পাল এবং হাইয়াং গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। মুহূর্তে দাউদাউ করে জ্বলতে থাকে একের পর এক বাড়ি। এই ঘটনায় ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আইন-শৃঙ্খলার অবনতি এবং হিংসার ঘটনা রুখতে কামজংয়ের জেলাশাসক রাংনামেই রং পিটার দুপুর ২টো থেকে গোটা জেলায় কার্ফু জারি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনী। কিন্তু পরিস্থিতি এখনও থমথমে। এদিকে কুকিদের একটি সংগঠন ৩ রা মে ‘সেপারেশন ডে’ পালন করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। তাদের দাবি, মেইতেই সম্প্রদায়ের থেকে সম্পূর্ণভাবে আলাদা হওয়ার দ্বিতীয় বছর উপলক্ষ্যে এই দিবস পালন করা হবে। একইসঙ্গে তারা জানিয়েছে, কুকি-জো সম্প্রদয়ের নিহতদের স্মরণ করা হবে এই বিশেষ দিনটিতে।