


নয়াদিল্লি: সাইবার হামলার শিকার কলিন এরোস্পেস নামে এক সার্ভিস প্রোভাইডার। এর জেরে পঙ্গু হয়ে পড়ে স্বয়ংক্রিয় চেক-ইন ও বোর্ডিং ব্যবস্থা। ফলে শনিবার লন্ডনের হিথরো, ব্রাসেলস ও বার্লিনের মতো ইউরোপের একঝাঁক প্রথমসারির বিমানবন্দরে পরিষেবা বিঘ্নিত হয়। বাতিল করতে হয় বহু বিমান। সেইসঙ্গেই বহু উড়ান বিলম্বিত হয়। দুর্ভোগের শিকার হন অসংখ্য যাত্রী।
বিশ্বজুড়ে বহু বিমানবন্দর ও বিমান সংস্থাই কলিন এরোস্পেসের পরিষেবা গ্রহণ করে। সাইবার হামলার জেরে টেকনিক্যাল সমস্যা তৈরি হয়েছে বলে ওই সার্ভিস প্রোভাইডারের তরফে স্বীকার করে নেওয়া হয়। সম্ভাব্য বিলম্বের কথা জানিয়ে যাত্রীদের আগাম সতর্ক করা হয় হিথরো বিমানবন্দরের তরফে। ফ্লাইট স্টেটাসের উপর নজর রাখার পরামর্শও দেওয়া হয়। ব্রাসেলস বিমানবন্দরের তরফে জানানো হয়, স্বয়ংক্রিয় চেক-ইন ও বোর্ডিং পরষেবা বিকল হয়ে পড়েছে। ফলে সেই কাজ সমালাতে হচ্ছে ম্যানুয়ালি। বিমানের নির্ঘণ্টে এর বড় প্রভাব পড়েছে। স্বাভাবিকভাবেই বিমান বাতিল ও বিলম্বের ঘটনা ঘটছে। সার্ভিস প্রোভাইডারের তরফে দ্রুত সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। বার্লিন এয়ারপোর্টের তরফেও পরিষেবা সংক্রান্ত এই সমস্যার কথা জানানো হয় তাদের ওয়েবসাইটে। সেখানে লেখা হয়, ইউরোপজুড়ে পরিষেবা দেওয়া এক সিস্টেম অপারেটর টেকনিক্যাল সমস্যার মুখে পড়ায় চেক-ইনের ক্ষেত্রে বাড়তি সময় লাগছে। আমরা সমস্যা দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করছি।