


পাটনা: ‘দয়া করে মাকে ছেড়ে দাও বাবা।’ মারমুখী বাবার উদ্দেশে এই কাতর আর্জি জানিয়েছিল এক খুদে নাবালিকা। পাশে তার আর এক বোন। কার্যত বিহ্বল সে। তবে কে শোনে কার কথা? মাকে বিছানায় ফেলে গলা টিপে ধরেছিল সেই ব্যক্তি। বিহারের গয়া জেলার জনকপুরে নিশা কুমারীর মৃত্যুর পরে আবার ভাইরাল হয়েছে পারিবারিক পুরনো একটি ভিডিও। এরপরেই অভিযোগ উঠেছে স্ত্রী নিশাকে খুনই করেছে অভিষেক কুমার। নিশার বাবা শ্রাবণ কুমারের অভিযোগ, অনেকদিন ধরে পণের দাবি করছিল অভিষেক। তা না পেয়েই মেয়েকে খুন করেছে জামাই।
২০১৫ সালে অভিষেকের সঙ্গে নিশার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নিশাকে নানাভাবে হেনস্তা করতে থাকে অভিষেক। দুই মেয়ের জন্মের পর সেই হেনস্তা চরমে পৌঁছেছে। পাশাপাশি পণের দাবিও করতে থাকে। রবিবার নিশার দেহ উদ্ধার হয়। অভিষেক সোমবার দাবি করেন, তিনি পাটনায় ছিলেন। তখনই নিশার বিষ খাওয়ার খবর পান। এরপর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অভিষেক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিস। নিশার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।