


লখনউ: চাঞ্চল্যকর দাদরি হত্যাকাণ্ড মামলায় সব অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে চাইছে যোগী সরকার। শনিবার আদালতে মামলা প্রত্যাহারের আবেদন জমা দিয়েছে উত্তর প্রদেশ সরকার। আদালত এখনও সিদ্ধান্ত জানায়নি। আগামী ১২ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ২০১৫ সালে উত্তরপ্রদেশের দাদরিতে প্রতিবেশীদের হাতে নির্মমভাবে খুন হন মহম্মদ আখলাক। স্থানীয় মন্দিরে ঘোষণা হয়েছিল, আখলাক বাড়িতে গোমাংস রেখেছেন। এরপরই তাঁর বাড়ির সামনে ভিড় জমে। স্থানীয় বিজেপি নেতার ছেলে বিশাল রানা ও তাঁর ভাই শিবমের নেতৃত্বে ওই ভিড় আখলাক ও তাঁর ছেলে দানিশকে ঘর থেকে টেনে বের করে নির্মমভাবে মারধর করে বলে অভিযোগ। আখলাক নয়ডার একটি হাসপাতালে মারা যান। দীর্ঘ চিকিৎসার পর কোনওক্রমে প্রাণে বাঁচেন দানিশ। ঘটনায় মোট ১৫ জন অভিযুক্ত বর্তমানে জামিনে মুক্ত।