


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর দিনাজপুরের দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ এই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। মঙ্গলবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, এনআইএ তদন্তের নির্দেশ নিয়ে হস্তক্ষেপ করা হবে না। রাজ্য যে আবেদন করেছিল তা খারিজ করা হল।
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট হাইস্কুল। অবরোধ, লাঠিচার্জ, ইট-পাথর ছোড়া থেকে শুরু করে বোমা-গুলি চলে বলে অভিযোগ। রাজেশ সরকার এবং তাপস বর্মন নামে দুই প্রাক্তন ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওই ঘটনায় সিবিআই তদন্তের দাবি তোলে তাদের পরিবার এবং বাসিন্দাদের একাংশ। এরপর ২০২৩ সালের ১০ মে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। সিঙ্গল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। দীর্ঘ শুনানির পর সেই আবেদন খারিজ করল ডিভিশন বেঞ্চ।