


নয়াদিল্লি: আমেদাবাদে বিমান বিপর্যয়ের তদন্তে বড় সাফল্য মিলল। বৃহস্পতিবার সরকার জানিয়েছে, ব্ল্যাকবক্স থেকে সমস্ত তথ্য ডাউনলোড করা গিয়েছে। সেগুলি বিশ্লেষণ করা হচ্ছে। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে দু’টি ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছিল। একটি ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর)। আর একটি ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর)। দুর্ঘটনার অভিঘাতে দু’টি ব্ল্যাকবক্সই ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে সেখান থেকে তথ্য মিলবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। এমনকী তথ্য পেতে সেগুলি আমেরিকায় পাঠানোরও পরিকল্পনা করেছিল সরকার। কিন্তু, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীনস্থ এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) ওই ব্ল্যাকবক্সগুলির ক্রাশ প্রোটেকশন মডিউল বা সিপিএম উদ্ধার করেছে। সেখান থেকেই তথ্য ডাউনলোড করা হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার এএআইবির ল্যাবে অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্ল্যাকবক্সগুলি পৌঁছে দেওয়া হয়। প্রথমটি আসে বেলা দু’টোয়। দ্বিতীয়টি বিকেল ৫টা ১৫ মিনিটে। সেদিনই তথ্য ডাউনলোডের প্রক্রিয়া শুরু হয়। বুধবারই তা শেষ হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, এফডিআর ও সিভিআরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। সময় অনুযায়ী সেগুলি সাজানো হচ্ছে। এগুলি সম্পন্ন হলেই এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে।