


চর্চায় ভিকি কৌশল অভিনীত ‘মহাবতার’। শোনা যাচ্ছে, এই ছবিতে অভিনেতার বিপরীতে কাজ করবেন দীপিকা পাড়ুকোন। ইতিমধ্যে প্রস্তাব গিয়েছে নায়িকার কাছে। সূত্রের খবর, দীপিকার পছন্দ হয়েছে চিত্রনাট্য। ফলে তাঁর তরফে ইতিবাচক ইঙ্গিতই পেয়েছেন নির্মাতারা। সইসাবুদ চূড়ান্ত হলেই শ্যুটিং শুরু করা হবে। সত্যিই যদি এই ছবির জন্য নায়িকা চুক্তিবদ্ধ হন, সেক্ষেত্রে প্রথমবার জুটিতে দেখা যাবে ভিকি ও দীপিকাকে। ‘স্ত্রী’ খ্যাত পরিচালক অমর কৌশিক পরিচালনা করছেন এই সিনেমা। ছবিতে পরশুরামের ভূমিকায় দেখা যাবে ভিকিকে। তাঁর স্ত্রীয়ের চরিত্রে থাকবেন দীপিকা। সূত্রের খবর, চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে চিত্রনাট্যে। পাশাপাশি চ্যালেঞ্জিংও। ফলে দীপিকা এই প্রস্তাব গ্রহণ করলে তাঁর কেরিয়ারের জন্য তা অত্যন্ত মূল্যবান হবে বলেই মনে করছেন অনুরাগীরা। চলতি বছর দু’টি বড় প্রজেক্ট হাতছাড়া হয়েছে অভিনেত্রীর। ‘স্পিরিট’ ও ‘কল্কি’। তারপরও অবশ্য নিজের দাবি থেকে পিছপা হননি নায়িকা। দাবি মানলে তবেই প্রজেক্টে এখন চুক্তিবদ্ধ হচ্ছেন নায়িকা। একাধিক ছবি রয়েছে তাঁর হাতে। অল্লু অর্জুনের পরের ছবির নায়িকা তিনি। আবার শাহরুখ খানের ‘কিং’ সিনেমাতেও দেখা যাবে দীপিকার অভিনয়। এর মাঝেই ‘মহাবতার’ ছবির প্রস্তাব গেল তাঁর কাছে। দীর্ঘদিন পর তাঁকে ঐতিহাসিক চরিত্রে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকও। শীঘ্রই নির্মাতাদের তরফে বিষয়টি ঘোষণা করা হবে বলে খবর।