


লখনউ: গত মরশুম একেবারেই ভালো কাটেনি কেএল রাহুলের। তিনিই ছিলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। কিন্তু তাঁকে ছেঁটে ফেলতে দ্বিধা করেনি লখনউ। এমনকী কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে প্রকাশ্যে তিরস্কৃত হন তারকা ব্যাটার। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল সাইটে। তার জবাব দেওয়ার জন্য মোক্ষম মঞ্চ বেছে নিলেন লোকেশ রাহুল। মঙ্গলবার একানা স্টেডিয়ামে সেই লখনউকে সহজেই হারাল রাহুল, অক্ষর প্যাটেলদের দিল্লি ক্যাপিটালস। ৮ উইকেটে জয়ের অন্যতম নায়ক তারকা ব্যাটার। ৪২ বলে অপরাজিত ৫৭ রান লোকেশের। ছিমছাম ইনিংসে তিনটি বাউন্ডারি ও তিনটি ছক্কা। অর্ধশতরানের পর রাহুলের সেলিব্রেশনে তৃপ্তির ছাপ স্পষ্ট। আইপিএলে পাঁচ হাজার রান পূর্ণ করলেন তিনি। লোকেশকে যোগ্য সঙ্গত করেন বঙ্গসন্তান অভিষেক পোড়েল। ৩৬ বলে ৫১ রান করলেন তিনি। পাঁচটি বাউন্ডারি ও একটি বিশাল ছক্কা হাঁকান পোড়েল। মঙ্গলবার ১৩ বল বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি (১৬১/২)।
এদিন শুরুটা ভালো হয়েছিল লখনউয়ের। প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ওঠে ৫১। কোটিপতি লিগের চলতি আসরে ৯ ম্যাচে এই নিয়ে ষষ্ঠবার পাওয়ার প্লে’তে পঞ্চাশ পেরল ঋষভ পন্থ বাহিনী। ওপেনার আইডেন মার্করাম ৩৩ বলে করেন ৫২। তিনি মারেন তিনটি ছক্কা ও দু’টি বাউন্ডারি। তাঁর হাফ-সেঞ্চুরি আসে ৩০ বলে। উল্লেখ্য, মরশুমে এটা মার্করামের চতুর্থ অর্ধশতরান।
এরপরই নামে ধস। ৮৭-১ থেকে মুহূর্তের মধ্যে ১১০-৪ দেখায় স্কোরবোর্ড। নিকোলাস পুরানকে বোল্ড করেন মিচেল স্টার্ক। আইপিএলে তিনবারের মুখোমুখি দেখায় প্রতিবারই আউট করলেন বাঁ-হাতি অজি পেসার। এরপর খেল দেখান মুকেশ কুমার। একই ওভারে তিনি ফেরান আব্দুল সামাদ (২) ও মিচেল মার্শকে (৪৫)। এরপর আয়ূশ বাদোনি (৩৬) ও ডেভিড মিলার (অপরাজিত ১৪) পঞ্চম উইকেটে যোগ করেন ৪৯ রান। লখনউ ক্যাপ্টেন ঋষভ পন্থ (০) আরও একবার হতাশ করলেন। শেষপর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে লখনউ। চার ওভার হাত ঘুরিয়ে ৩৩ রানে ৪ উইকেট তুলে নেন ম্যাচের সেরা মুকেশ।