


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অস্কার ব্রুজোঁকে নিয়ে মোহভঙ্গ ইস্ট বেঙ্গলের। শনিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ড্রয়ের পর যুবভারতীতেই ‘গো ব্যাক অস্কার’ স্লোগান তোলেন ক্ষুব্ধ সমর্থকরা। শীর্ষকর্তার কাছেও অভিযোগ উগরে দেন তাঁরা। এদিন ইস্ট বেঙ্গল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হাজির ছিলেন অনেকেই। সেখানেও ক্লাব তাঁবুতে স্প্যানিশ কোচকে অবিলম্বে সরানোর দাবি তোলেন বেশ কিছু সদস্য-সমর্থক। সবমিলিয়ে বেজায় চাপে অস্কার ব্রুজোঁ। কিন্তু তাঁর পদত্যাগের আশায় গুড়ে বালি। সেক্ষেত্রে একমাত্র টিম ম্যানেজমেন্ট চাইলেই অস্কার বিদায় সম্ভব। সূত্রের খবর , স্প্যানিশ কোচের আচরণে তারাও বিব্রত। কেরল ব্লাস্টর্সে ম্যাচের আগে তাঁর মন্তব্য ছিল, ‘এখন দলের টেকনিক্যালি সিদ্ধান্ত অন্যভাবে নেওয়া হয়। তাই অনেকেরই নাক গলানোর সুযোগ নেই। সমালোচনা তাঁরাই করছেন।’ আসলে অহংকারই পতনের কারণ। ক্ষমতার দম্ভে তা ভুলে গিয়েছিলেন অস্কার। বর্তমান পরিস্থিতিতে অস্কারকে শো- কজ করার সম্ভাবনা প্রবল। তিনি ছাঁটাই হলে থংবই সিংটো দায়িত্ব পেতেও পারেন। ভারতীয় ফুটবল হাতের তালুর মতো চেনেন তিনি। ইস্ট বেঙ্গল দলগঠনেও তাঁর ভূমিকা রয়েছে। পাশাপাশি একটা মহল সঞ্জয় সেনকেও কোচ হিসাবে পেতে আগ্রহী। ক্লাব ফুটবলে সাফল্য রয়েছে সঞ্জয়ের।
চলতি আইএসএলে ৫ টি ম্যাচ খেলে মাত্র দুটি জয় পেয়েছে ইস্ট বেঙ্গল। অর্থাৎ ১৩ ম্যাচের লিগে চ্যাম্পিয়নশিপ থেকে অনেকটাই দূরে লাল-হলুদ ব্রিগেড। দায় বর্তাচ্ছে অস্কারের উপরেই। ম্যান ম্যানেজমেন্ট শূন্য। স্ট্র্যাটেজির বৈচিত্র নেই। ড্রেসিং-রুম কার্যত হাতের বাইরে। সায়ন, জেসিন, ডেভিডদের মতো তরুণ প্রতিভাকে সেভাবে ব্যবহারই করেননি তিনি।