


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার মালাক্কা প্রণালীতে শেষমেশ ঘূর্ণিঝড় ‘সেন-য়ার’ সৃষ্টি হলেও তা বঙ্গোপসাগরের উপর এল না। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সোমবার পর্যন্ত পূর্বাভাসে এই দুর্যোগ বঙ্গোপসাগরে আসার কথা বলা হয়েছিল। বুধবার সকালে ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব ইন্দোনেশিয়া দিয়ে উপকূল অতিক্রম করে গিয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম অভিমুখে এগোনোর পথে তার তীব্রতা বজায় রাখবে। তারপর তা অভিমুখ (পূর্ব) পরিবর্তন করলেও দুর্বল হতে শুরু করবে। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে দক্ষিণ শ্রীলঙ্কা উপকূলের কাছে অবস্থিত নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করছে। বুধবার এটি মোটামুটি একই জায়গায় সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে ছিল। এটি উত্তর-উত্তর-পশ্চিম অভিমুখে এগোনোর পথে আরও শক্তি বাড়িয়ে আজ বৃহস্পতিবার গভীর নিম্নচাপে পরিণত হবে। জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তারপরেও গভীর নিম্নচাপটির শক্তিবৃদ্ধি অব্যাহত থাকবে এবং তা উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে এগোবে। এই শক্তিশালী নিম্নচাপটি শেষপর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না আবহাওয়া দপ্তর এদিন রাত পর্যন্ত জানায়নি।
ঘূর্ণিঝড় প্রসঙ্গে আবহাওয়া দপ্তরের অবসরপ্রাপ্ত কর্তা গোকুলচন্দ্র দেবনাথ বলেন, পূর্বাভাস পুরোটা না মেলার সম্ভাবনা সবসময়ই থাকে। আবহাওয়া মণ্ডলের পরিস্থিতি পরিবর্তনই এর কারণ। একটি শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সমুদ্রে অবস্থানকালে তার উপর বিভিন্ন ‘ফোর্স’ কাজ করে। ওইসব বলের সমষ্টিতেই ঘূর্ণিঝড়কে নির্দিষ্ট দিকে নিয়ে যায়। বায়ুস্রোত, সমুদ্রের জলের তাপমাত্রা প্রভৃতি ঠিক করে ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি কী হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে আবহাওয়ার দপ্তরের পূর্বাভাসে এই নিম্নচাপটির শক্তিবৃদ্ধির কথা ছিল। তবে সেটি বঙ্গোপসাগরের উপর আসার কথা বলা হয়নি। নিম্নচাপটি শেষপর্যন্ত ঘূর্ণিঝড়ের রূপ নেবে কি না তাও বলা হয়নি। ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয় গত রবিবার। সব মিলিয়ে পরিষ্কার যে, শক্তিশালী নিম্নচাপটি শেষমেশ ঘূর্ণিঝড়ের রূপ নেবে কি না সেই ব্যাপারে মঙ্গলবার রাতেও সংশয়ে ছিলেন বিশেষজ্ঞরা। তবে বুধবার সকালে সাধারণ নিম্নচাপ হিসেবে সেটি উপকূল অতিক্রম করে।
এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। আগামীকাল শুক্রবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করবে। এই দফায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির জন্য উত্তুরে হাওয়া দুর্বল হবে। তাপমাত্রা ফের বাড়বে শুক্রবার থেকে। বুধবার দক্ষিণবঙ্গের কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমেছে। দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা (১১.৬ ডিগ্রি) ছিল শ্রীনিকেতনে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার (১৬.৬ ডিগ্রি) বিশেষ হেরফের হয়নি।