


মুম্বই, ৮ এপ্রিল: স্পাই থ্রিলার ধুরন্ধর ২-এর চর্চা এখন সর্বত্র। বক্সঅফিসে প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি। ১৮ দিনে বিশ্বজুড়ে ধুরন্ধর ২ সিনেমা ১,৬০৫.৭৪ কোটি টাকার আয় করেছিল। এর মধ্যে ভারতে ছবির আয় ১,২১৩.৭৪ কোটি টাকা এবং বিদেশে আয় প্রায় ৩৯২ কোটি টাকা। আজ, সোমবার ১৯তম দিনে দেশে এই ছবির আয় প্রায় ১,২১৯.২৫ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। যার মধ্যে হিন্দি ভাষায় এই ছবির আয় ৯৫৫.৪৯ কোটি টাকা, তামিলে ১৮.০২ কোটি টাকা, তেলুগুতে ৪০.৩৭ কোটি টাকা, কন্নড়ে ২.৮৮ কোটি টাকা এবং মালয়ালমে ১.৬৮ কোটি টাকা। এর ফলে এস এস রাজামৌলির বাহুবলী ২-এর রেকর্ড ভাঙা প্রায় নিশ্চিত বলেই মনে করছেন সিনেমাপ্রেমীরা।
ইতিমধ্যেই এই সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। বলেন, ধুরন্ধর ২ সিনেমাটি দেখলাম। চারঘণ্টার সিনেমায় এতটুকু বোর হইনি। চিত্রনাট্যকে ধরে রাখার যে ক্ষমতা পরিচালক আদিত্য ধর দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। রণবীর, তুমি অসাধারণ অভিনয় করেছ। মাধবন, অর্জুন রামপাল প্রত্যেকরই অভিনয় এক্কেবারে পারফেক্ট। তোমাদের সকলকে ছাড়া এই সিনেমা কল্পনাই করা যায় না। সকলকে অভিনন্দন জানাচ্ছি। অন্যদিকে বিরাট কোহলিও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, প্রত্যেক অভিনেতা তাঁদের চরিত্রে দুর্দান্ত। কিন্তু রণবীর সিং এই সিনেমার পর তুমি এক ভিন্ন স্তরে পৌঁছে গিয়েছ। তোমার অভিনয় অনন্য, সবকিছুর ঊর্ধ্বে। একেবারে দুর্দান্ত। পাশাপাশি পরিচালক আদিত্যকে ট্যাগ করেন কিং কোহলি লেখেন, তুমি প্রতিভাবান। তোমার দুর্দান্ত কাজ ছবির প্রতিটি পর্যায়ে নজরে এসেছে।