


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফোন এলে সেই আগের মতো গোল চিহ্ন ধরে নীচে নামালে কল রিসিভ হচ্ছে না। তার বদলে গোল চিহ্ন ধরে টানতে হচ্ছে ডান দিকে। হঠাত্ করে ফোনে কী হল? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আম জনতার মনে। অনেকের প্রশ্ন, কিছুই করলাম না। হঠাত্ এমনটা কেন হল? ফোনটা হ্যাক হয়ে গেল না তো? নইলে সব বদলে যায় কীভাবে? যদিও বিশেষজ্ঞরা বলছেন, ভয় পাওয়ার কিছু নেই। এটা গুগলের আপডেট।
কিন্তু চারপাশে প্রতারকদের সংখ্যা এতই বেড়ে গিয়েছে যে সাধারণ মানুষের কিছুই বিশ্বাস হয় না। তাই সামাজিক মাধ্যম থেকে পাড়ার চায়ের দোকান, সর্বত্র ফোনের ডায়ালার নিয়েই আলোচনা চলছে। সবচেয়ে বিপদে পড়েছেন বয়স্করা। সোনারপুরের বাসিন্দা প্রমিতা মিত্র বলছিলেন, ‘অনেক কষ্ট করে মা-ঠাকুমাকে স্মার্টফোন চালানো শিখিয়েছিলাম। এখন আবার কীভাবে ফোন ধরতে হবে, সেটাই শেখাতে হচ্ছে।’ বেশ কিছু ফোনে এমন পরিবর্তন হলেও অনেক ফোনে আবার যেরকম ছিল সেরকমই রয়েছে। বিশেষজ্ঞদের মত, আসলে যে ফোনগুলিতে গুগলের ডায়ালার ব্যবহৃত হয়, সেখানেই বদল হয়েছে। কারণ, গুগল এমন আপডেট দিয়েছে। আবার যে ফোনগুলিতে সংশ্লিষ্ট কোম্পানির ডায়ালার অ্যাপ ব্যবহৃত হয়, সেগুলিতে এমন পরিবর্তন হয়নি। বিশেষজ্ঞদের আরও মত, যদি কেউ স্মার্টফোন নির্মাতা কোম্পানির ডায়ালার ব্যবহার করতে চান তবে সেটিকে ডিফল্ট ডায়ালার হিসেবে সেট করতে পারেন।
এসব তো প্রযুক্তিগত বিষয়। সাধারণ মানুষের প্রশ্ন একটাই, আমি তো কিছুই করিনি। তাও আমার ফোনে এমন পরিবর্তন হল কেন? তাহলে কি হ্যাক হয়ে গেল ফোন? সাইবার সিকিওরিটি বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত বলছিলেন, ‘দেখে মনে হচ্ছে এটা কোনও সিকিওরিটি ব্রিচ নয়। গুগল আপডেট দিয়েছে। তার ফলেই ডায়ালার বদলেছে।’ কিন্তু গ্রাহক কিছু না করলে এমনটা হল কীভাবে? সন্দীপবাবুর যুক্তি, ‘এটা হতেই পারে। ফেসবুক যদি তাদের ইন্টারফেস বদলে দেয়, তাহলে তো তা নিজের থেকেই বদলাবে।’