


নয়াদিল্লি: টেক অফ করা মাত্রই বিপর্যয়ের মুখে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। ভয়াবহ এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিল অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। এয়ার ইন্ডিয়ার হাতে থাকা বোয়িং বিমানগুলির নিরাপত্তা ব্যবস্থা পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে তারা। জানা গিয়েছে, বোয়িং ৭৮৭-৮ এবং বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের রক্ষণাবেক্ষণ পর্যালোচনা করা হবে। বিমানগুলির ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম, ফুয়েল প্যারামিটার মনিটরিং, হাইড্রলিক কম্পেসর সহ যাবতীয় খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব রিপোর্ট তৈরি করে ডিজিসিএ’র কাছে জমা দিতে হবে এয়ার ইন্ডিয়াকে। ড্রিমলাইনারকে বাতিল করার জল্পনা অবশ্য এদিন সাফ খারিজ করে দিয়েছে এয়ার ইন্ডিয়া।