


সঞ্জয় সরকার, কলকাতা: অনুশীলন সবে শুরু। গোটা দল মাঝমাঠে বৃত্তাকারে দাঁড়িয়ে। তারই মধ্যে হাঁটু গেড়ে বসে কোচ অস্কার ব্রুজোঁ। ফুটবলারদের কিছু বোঝানোর চেষ্টা করলেন লাল-হলুদ স্প্যানিশ কোচ। প্রায় মিনিট ২৫ এমন চলার পর শুরু হল মূল অনুশীলন। এবারও অস্কার ফুটবলারদের জন্য আলাদা আলাদা জায়গা বেঁধে দিলেন। সেখানেই হালকা গা ঘামানোর পর চলল সিচুয়েশন প্র্যাকটিস। আর সবার শেষে দু’টি দলে ভাগ করে ম্যাচ অনুশীলন। গত ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে জিতলেও রক্ষণ আর মাঝমাঠের মধ্যে বিস্তর ফাঁক ছিল। বেঙ্গালুরু ম্যাচের আগে তা মেরামতের উপর জোর দিলেন লাল-হলুদ কোচ।
বৃহস্পতিবার যুবভারতীতে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। জিতলেই লিগ টেবিলে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ থাকছে অস্কার ব্রিগেডের সামনে। তবে মিগুয়েলদের লড়াই মোটেই সহজ হবে না। বিপক্ষ দলে সুনীল ছেত্রী, রায়ান উইলিয়ামস, রাহুল ভেকের মতো অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। তার উপর ব্রিয়ান স্যাঞ্চেজের লাল কার্ডের শাস্তি মকুবের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। ফলে বৃহস্পতিবার তাঁর খেলা নিয়ে কোনও সমস্যা থাকছে না। লাল-হলুদ কোচ অবশ্য এটাকে ভালো চোখে দেখছেন না। তাঁর মন্তব্য, ‘গত ছ’দিন ধরে নির্দিষ্ট পরিকল্পনায় এগচ্ছিলাম। তবে আজ হঠাৎই লাল কার্ডের সিদ্ধান্ত বদলের কথা জানতে পারি। ম্যাচে ২৪ ঘণ্টা আগে এমনটা কাম্য নয়। তবে আমাদের নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে হবে।’
চেন্নাইয়ানের বিরুদ্ধে তিন ডিফেন্ডারে দল সাজিয়েছিলেন অস্কার। তবে বিএফসি’তে রায়ান-আশিকের মতো উইঙ্গার রয়েছেন। তাই প্রতিপক্ষের প্রান্তিক দৌড় থামাতে চার ডিফেন্ডারের ফর্মেশনে ফিরছেন অস্কার। উল্লেখ্য, হাঁটুর চোটে লিগ থেকে ছিটকে গিয়েছেন নাওরেম মহেশ। এছাড়া ম্যাচ ফিট নন মহম্মদ রশিদ। ফলে গত ম্যাচের প্রথম একাদশে দু’টি পরিবর্তন আনতে চলেছেন অস্কার। তাঁর সংযোজন, ‘প্রতিটি দল নিয়ে ভিন্ন ভাবনা থাকে। তবে প্রতিপক্ষের চেয়েও নিজের দল নিয়ে ভাবতে বেশি পছন্দ করি। এবার ড্রেসিং-রুমের পরিবেশ বেশ ভালো। ছেলেরা অনেক বেশি চাপমুক্ত ভাবে মাঠে নামছে।’ পরপর পয়েন্ট খুইয়ে অস্কারের উপর যে পাহাড় প্রমাণ চাপ সৃষ্টি হয়েছিল, গত দু’ম্যাচ জয়ে তা অনেকটাই কেটেছে। তবে বৃহস্পতিবার পয়েন্ট খোয়ালে ফের সমালোচনার মুখে পড়বেন তিনি।
যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে।
সম্প্রচার সোনি স্পোর্টস ও ফ্যানকোড অ্যাপে।