


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নববর্ষে হাই-ভোল্টেজ ক্রিকেট ডার্বিতে বাজিমাত ইস্ট বেঙ্গলের। সিএবি প্রথম ডিভিশন ওয়ান ডে প্রতিযোগিতায় মোহন বাগানকে ৯৮ রানে হারাল লাল হলুদ ব্রিগেড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে ইস্ট বেঙ্গল ৭ উইকেটে তোলে ৩১১। সুদীপ কুমার ঘরামি শতরান করেন। ১০৬ বলে তিনি অপরাজিত থাকেন ১৩৯ রানে। এছাড়া হাফ-সেঞ্চুরি করেন অগ্নিভ পান (৫৩)। মোহন বাগানের হয়ে রাজকুমার পাল ৩টি ও জেসল কারিয়া ২টি উইকেট দখল করেন। জবাবে ৪০.৪ ওভারে ২১৩ রানে দাঁড়ি পড়ে মোহন বাগানের ইনিংসে। অভিমন্যু ঈশ্বরণ (৬৩) ও জেসল কারিয়া (৫৬) ছাড়া কেউ বড় রান পাননি। ৩১ রানে চার উইকেট নেন সৌরভ হালদার। সুদীপকে ম্যাচের সেরার পুরস্কার তুলে দেন সম্বরণ ব্যানার্জি।