


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিপক স্টেডিয়ামের বাইরে যেন সর্ষে খেত! চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে ঘোর লাগার জোগাড়। ‘থালা’র পোস্টারে চারপাশ ছয়লাপ। এমন মারকাটারি ক্রিকেট আবহেই শনিবার বিকেলে চেন্নাইয়ানের বিরুদ্ধে নামছে ইস্ট বেঙ্গল। একইদিনে সন্ধ্যায় চেন্নাই সুপার কিংসের ম্যাচ ঘিরে উত্তাল শহর। সেখানে ফুটবল কোথায়? খোঁজ নিয়ে জানা গেল, চিপকের কয়েক কিলোমিটার দূরের ঝিমিয়ে থাকা নেহরু স্টেডিয়াম চাঙ্গা করতে ইস্ট বেঙ্গল সমর্থকরাই ভরসা। ভেসারপাটির বস্তি এলাকায় নিজের খরচে ফুটবল ক্যাম্প চালান নন্দকুমার। শনিবার ইস্ট বেঙ্গলের সমর্থনে দল বেঁধে তারা হাজির থাকবেন মাঠে। ৩০০ টিকিটও চাওয়া হয়েছে চেন্নাইয়ান ম্যানেজমেন্টের কাছে। কলকাতা, বেঙ্গালুরু থেকেও বেশ কিছু অনুরাগী হাজির বিশ্বনাথন আনন্দের শহরে। মিগুয়েলদের বোঝা উচিত, একমাত্র ৩ পয়েন্ট পেলেই এই আবেগ দাম পাবে। তবে ইস্ট বেঙ্গল ফুটবলারদের ধারাবাহিকতার বড়ই অভাব। তা নিঃসন্দেহে চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। ম্যাচের আগে কোচ অস্কার ব্রুজোঁর মন্তব্য, ‘কঠিন ম্যাচ। তবে ফুটবলাররা নিশ্চয়ই উজাড় করে দেবে।’ আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচে মহমেডান স্পোর্টিংকে ৭ গোলে বিধ্বস্ত করেছিল লাল-হলুদ ব্রিগেড। ব্রেকের পর সেই ছন্দ ধরে রাখা বেশ কঠিন চ্যালেঞ্জ।
শুক্রবার কলকাতায় অনুশীলন করে সন্ধ্যায় চেন্নাই পৌঁছে গেল অস্কার ব্রিগেড। রশিদ, কেভিন সহ পূর্ণশক্তির দল নিয়েই চেন্নাইয়ানের বিরুদ্ধে নামবে ইস্ট বেঙ্গল। ৬ ম্যাচে সাউলদের পয়েন্ট ১১। জিতলে চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকবে লাল-হলুদ ব্রিগেড। এটাই সবচেয়ে বড় মোটিভেশন। তবে ইডলি, দোসা, সম্বরের দেশে গরম বড় ফ্যাক্টর। বিকেলের তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি। কিন্তু আর্দ্রতা প্রচুর। এক জায়গায় দাঁড়িয়ে থাকলেও ঘাম ঝরবে। তাই বলকে বেশি রোল করানো দরকার। রশিদ, কেভিন ফিট হওয়ায় অস্কারের ভাঁড়ারে বিকল্প বেড়েছে। তবে প্রথম এগারো নিয়ে ধোঁয়াশা থাকছেই। রক্ষণে কেভিন-আনোয়ার জুটি বাঁধলে আপফ্রন্টে বিদেশি কমাতেই হবে। সেক্ষেত্রে সাউল বা রশিদের উপর কোপ পড়তে পারে। মিডফিল্ডে জিকসনকে খেলানো হতে পারে। গত মরশুমে এই চেন্নাইয়ানের বিরুদ্ধে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ ছিল তাঁর। একইসঙ্গে ডেভিডকেও তৈরি রাখা হচ্ছে। সেক্ষেত্রে মাঝমাঠের ভারসাম্য ধরে রাখতে মিগুয়েল, সাউল, রশিদেই আস্থা রাখবেন ব্রুজোঁ। বিকেল পাঁচটায় ম্যাচ। খেলা গড়ানোর সঙ্গেই শরীর থেকে প্রচুর ফ্লুইড বেরিয়ে যাবে। ফলে মাসল পুলের সম্ভাবনা। তা অনুমান করেই কয়েকটা স্পেলে বিষ্ণু, এডমুন্ড, বিপিনদের দিয়ে উইং থেকে গতির ঝড় তুলতে চান স্প্যানিশ কোচ। প্রতিপক্ষ চেন্নাইয়ান কতটা ওজনদার? ব্রাজিলিয়ান এলসিনহোকে দিয়ে মিগুয়েলকে ক্লোজ মার্কিং করার পরিকল্পনা রয়েছে ক্লিফোর্ডের। প্রীতম, ফারুখরা তৈরি। সুপার কাপে চেন্নাইয়ানকে ৪ গোলের মালা পরিয়েছিল ইস্ট বেঙ্গল। কিন্তু চেন্নাইয়ের সেই দল ছিল বিদেশিহীন। সুপার কাপের বদলা নিতে ক্লিফোর্ড কিন্তু মুখিয়ে। এদিকে, অনূর্ধ্ব-১৬ যুব লিগে মহমেডানকে ৬-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হল ইস্ট বেঙ্গল।
ম্যাচ শুরু বিকেল ৫টায়।
সম্প্রচার ফ্যানকোড ও সোনি স্পোর্টসে।